নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নের দায়িত্ব বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে দলের জাতীয় স্থায়ী কমিটি।
শনিবার (১ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী মনোনয়নের বিষয়টি নিয়ে আলোচনা হয়। আলোচনার পর প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব দলীয় চেয়ারম্যানের ওপর অর্পণের সিদ্ধান্ত নেয় স্থায়ী কমিটি।
এ ছাড়া বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, দলের সাংগঠনিক বিষয় এবং আগামী দিনের রাজনৈতিক কর্মপন্থা নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
বৈঠক সম্পর্কে স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার চলতি বছরের শেষ নাগাদ স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে। পাশাপাশি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সমসাময়িক রাজনৈতিক বিষয়গুলো নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।
বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে সালাহউদ্দিন আহমদ, মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।