নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহিদ উর রহমান বলেছেন, পদত্যাগকারী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে আগের কোনো অপরাধের অভিযোগ থাকলে তার বিচারে আইনগত কোনো বাধা নেই। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আদালতই নেবে।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে রাজধানীর সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।
ডা. জাহিদ উর রহমান বলেন, আদালত সম্পূর্ণ স্বাধীন। পদত্যাগকারী রাষ্ট্রপতির বিরুদ্ধে আগের কোনো অপরাধের বিচার হতে আইনগত বাধা নেই। বিচার পাওয়া প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার এবং সরকার সেই অধিকারের প্রতি শ্রদ্ধাশীল।
তিনি আরও বলেন, বিচারিক বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য করার সুযোগ নেই। আদালত স্বাধীনভাবে বিষয়টি বিবেচনা করে সিদ্ধান্ত নেবে।
সংবাদ সম্মেলনে ব্রিকস সম্মেলন প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, ভারতের আয়োজনে অনুষ্ঠিতব্য ব্রিকস সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি।
তিনি জানান, বাংলাদেশ ব্রিকসের সদস্য নয়। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবারের সম্মেলনে অংশ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন।