নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন (ইসি) সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, এ বিষয়ে প্রাথমিক আলোচনা শেষ হয়েছে এবং প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন রয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) জাতীয় সংসদে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান সিইসি।
তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ও তফসিল এখনো চূড়ান্ত হয়নি। স্পিকারের সঙ্গে প্রয়োজনীয় পরামর্শ ও সমন্বয়ের পর দিনক্ষণ নির্ধারণ করা হবে। পরে গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের সময়সূচি ঘোষণা করা হবে।
সিইসি জানান, রাষ্ট্রপতি নির্বাচনে তিনি নিজেই রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। নির্বাচন কমিশন সচিবালয় থেকেই নির্বাচনের সব কার্যক্রম পরিচালিত হবে। তিনি আরও বলেন, সংসদের অধিবেশন চলমান থাকা বা না থাকা এ নির্বাচন পরিচালনায় কোনো বাধা সৃষ্টি করবে না।
তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন শেষে স্থানীয় সরকার নির্বাচনসহ কমিশনের সামনে আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। তাই দ্রুততম সময়ের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে চায় নির্বাচন কমিশন।
সংসদীয় আসনসংক্রান্ত কোনো আলোচনা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন ছাড়া অন্য কোনো আঞ্চলিক আসন বা বিষয় নিয়ে আলোচনা হয়নি।
তিনি আরও জানান, সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হবে।