নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশি হজযাত্রীদের ব্যয় কমাতে হজ ফ্লাইট-সংক্রান্ত কর ও চার্জ হ্রাস এবং আবাসনের ক্যাটেগরি–ডি সুবিধা পুনর্বহালের জন্য সৌদি আরবের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। এ বিষয়ে ইতিবাচক বিবেচনা ও প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ ইবন ধাফের ইবন উবাইয়া।
সোমবার (১৩ জুলাই) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ়, গতিশীল ও বহুমাত্রিকভাবে সম্প্রসারণে গুরুত্বারোপ করেন উভয় পক্ষ। একই সঙ্গে বেসামরিক বিমান চলাচল, পর্যটন এবং হজ ব্যবস্থাপনা-সংক্রান্ত সহযোগিতা বৃদ্ধির বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।
সাক্ষাতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেন, সৌদি সরকারের আরোপিত হজ ফ্লাইট-সংক্রান্ত কর ও চার্জ কমানো হলে বাংলাদেশের বিপুলসংখ্যক হজযাত্রী উল্লেখযোগ্যভাবে উপকৃত হবেন। এ বিষয়ে তিনি সৌদি রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করেন।
জবাবে রাষ্ট্রদূত বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দিয়ে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন।
প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, বাংলাদেশি হজযাত্রীদের জন্য আবাসনের ক্যাটেগরি–ডি সুবিধা না থাকায় প্রতি যাত্রীর আবাসন ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। তিনি বাংলাদেশি হজযাত্রীদের স্বার্থে ক্যাটেগরি–ডি সুবিধা পুনর্বহালের জন্য সৌদি কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।
সৌদি রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশি হজযাত্রীদের সেবার মানোন্নয়ন, সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং হজের ব্যয় যৌক্তিক পর্যায়ে রাখতে সৌদি সরকার আন্তরিক। এ লক্ষ্য বাস্তবায়নে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা ও উদ্যোগ গ্রহণে কাজ করা হবে বলেও তিনি আশ্বাস দেন।
সাক্ষাৎ শেষে উভয় পক্ষ বাংলাদেশ ও সৌদি আরবের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি হজ ব্যবস্থাপনা, বেসামরিক বিমান চলাচল এবং পর্যটন খাতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।