নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ও ইতালির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত Antonio Alessandro।
সোমবার (২২ জুন) দুপুর ১টায় বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং বিমান খাতের উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে রাষ্ট্রদূত ইতালির অর্থনীতিতে প্রায় আড়াই লাখ বাংলাদেশি কর্মীর গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করে বাংলাদেশকে ধন্যবাদ জানান। এ সময় মন্ত্রী প্রবাসী বাংলাদেশিদের যাতায়াত সহজ করতে ঢাকা-রোম রুটে বিমানের ফ্লাইট সংখ্যা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। জবাবে রাষ্ট্রদূত বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
আলোচনায় ইতালীয় প্রতিষ্ঠান The Edge Company বাংলাদেশের বিমানবন্দরগুলোর জন্য Bird Control Management System (BCMS) স্থাপনে আগ্রহ প্রকাশ করে। পাশাপাশি Flyon Aero বাংলাদেশি টেকনিশিয়ানদের দক্ষতা উন্নয়নে একটি প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠার প্রস্তাব তুলে ধরে।
মন্ত্রী দেশের বিমান খাতের আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে ইতালির সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন। এছাড়া বিমানবন্দর সম্প্রসারণে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (PPP) মডেলে বিদেশি বিনিয়োগ আকর্ষণের বিষয়েও উভয় পক্ষের মধ্যে আলোচনা হয়।
এর আগে একই দিনে মন্ত্রী সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান SATS-এর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেন।
এ বিষয়ে মন্ত্রী যথাযথ প্রক্রিয়ায় প্রস্তাব জমা দেওয়ার আহ্বান জানান এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।