নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান-কে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষের দিল্লিতে প্রবেশে বাধা দেওয়ার ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পাওয়ান বঢ়ে-কে তলব করেছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার (১৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ ঘটনার বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে তীব্র অসন্তোষ প্রকাশ করা হয়। মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ এশিয়া অনুবিভাগ) ইশরাত জাহান ভারতীয় দূতকে ডেকে ঘটনার ব্যাখ্যা চান।
এর আগে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ঘটনাটিকে “অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক” বলে মন্তব্য করেন এবং জানান, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। একইসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, পুরো ঘটনা পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জানা গেছে, আইওআরএ জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠক-এ অংশ নিতে জাহেদ উর রহমান রোববার সন্ধ্যায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর-এ পৌঁছান। যদিও বাংলাদেশ হাইকমিশন আগেই কূটনৈতিক চিঠির মাধ্যমে তার সফরের বিষয়টি ভারতকে জানিয়েছিল, তবুও ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে প্রবেশে বাধা দেয়।
পরে উচ্চপর্যায়ের নির্দেশে প্রবেশের অনুমতি দেওয়া হলেও তিনি দিল্লিতে না গিয়ে কলম্বো হয়ে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন। সোমবার দুপুরে তিনি দেশে ফিরে আসেন।
কূটনৈতিক মহলে ঘটনাটি বাংলাদেশ-ভারত সম্পর্কের প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।