নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী তারেক রহমান।
ছবি:
গণমাধ্যমকে বস্তুনিষ্ঠ ও সত্যনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১৫ জুন) টেলিভিশন চ্যানেলগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও বার্তা সম্পাদকদের সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, দলীয় অবস্থান বা সরকারের তোষামোদ নয়, সত্যকে সত্য হিসেবেই জনগণের সামনে তুলে ধরতে হবে।
বৈঠকে দেশের টেলিভিশন শিল্পের বর্তমান সংকট, সাংবাদিকদের পেশাগত চ্যালেঞ্জ, চাকরির নিরাপত্তা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম. ছালেহ জানান, অর্থনীতি ও সমাজনীতির পাশাপাশি মানবিক ও সামাজিক মূল্যবোধ জাগ্রত করতে গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। এ লক্ষ্যেই একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং আগামী ১৮ জুন এ বিষয়ে অংশীজনদের নিয়ে সংলাপ অনুষ্ঠিত হবে।
বৈঠকে গণমাধ্যমকে পূর্ণাঙ্গ শিল্পখাত হিসেবে গড়ে তোলা, ওয়েজ বোর্ড বাস্তবায়ন, চাকরির নিরাপত্তা এবং সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়।
সাংবাদিক নেতারা বলেন, স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে সরকারি নীতিগত সহায়তা ও নিরাপত্তা অত্যন্ত জরুরি।
এখন সংশ্লিষ্ট মহলের দৃষ্টি ১৮ জুনের সংলাপের দিকে, যেখানে প্রস্তাবিত স্বাধীন গণমাধ্যম কমিশনের রূপরেখা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে।