নিজস্ব প্রতিবেদক
দেশের ইন্টারনেট সেবাখাতের নিরাপত্তা নিশ্চিত করতে ডট ইন্টারনেটসহ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)।
রোববার (১৪ জুন) রাজধানীর বনানীতে সংগঠনটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংগঠনের অভিযোগ অনুযায়ী, গত ৯ জুন রাতে রাজধানীর লালমাটিয়ায় ডট ইন্টারনেটের প্রধান কার্যালয়সহ বাড্ডা, চাঁদপুর সদর, কুমিল্লার দেবিদ্বার, গাজীপুর ও বগুড়ার বিভিন্ন আইএসপি প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
আইএসপিএবি নেতারা বলেন, এসব ঘটনা শুধু একটি প্রতিষ্ঠানের ওপর নয়, বরং দেশের ডিজিটাল অবকাঠামো ও তথ্যপ্রযুক্তি খাতের ওপর সরাসরি আঘাত।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম এবং মহাসচিব নাজমুল করিম ভূঁঞাসহ অন্যান্য নেতারা।
তারা জানান, হামলার সময় সন্ত্রাসীরা কার্যালয়ে প্রবেশ করে গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি নষ্ট করে এবং কর্মীদের আহত করে। এতে ইন্টারনেট সেবার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়।
আইএসপিএবি সরকারের কাছে কয়েকটি দাবি তুলে ধরে, যার মধ্যে রয়েছে—জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি, তথ্যপ্রযুক্তি অবকাঠামোকে জাতীয় সম্পদ হিসেবে ঘোষণা করে নিরাপত্তা জোরদার, ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানকে সহায়তা এবং ভবিষ্যতে এমন ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ।
সংগঠনটি বলেছে, দেশের ডিজিটাল অর্থনীতির বিকাশের স্বার্থে ইন্টারনেট সেবাখাতের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি, নইলে বিনিয়োগ ও সেবার ওপর নেতিবাচক প্রভাব পড়বে।