নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদে ২০২৫–২৬ অর্থবছরের জন্য ৫৬ হাজার ১১৭ কোটি ৫৯ লাখ ৪১ হাজার টাকার সম্পূরক বাজেট পাস হয়েছে।
সোমবার (১৫ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের সপ্তম কার্যদিবসে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সম্পূরক বাজেট উত্থাপন করলে স্পিকার কণ্ঠভোটে তা পাস করেন। পরে নির্দিষ্টকরণ (সম্পূরক) বিল, ২০২৬ অনুমোদনের মাধ্যমে বাজেটটি চূড়ান্ত করা হয়।
চলতি অর্থবছরের মূল বাজেট ছিল ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা, যা সংশোধিত হয়ে দাঁড়িয়েছে ৭ লাখ ৮৮ হাজার কোটি টাকায়। সম্পূরক বাজেটে ২৭টি মন্ত্রণালয় ও বিভাগে বরাদ্দ বৃদ্ধি এবং ৩৫টি মন্ত্রণালয়ে বরাদ্দ হ্রাস করা হয়েছে।
সংসদে বিরোধী দলের ৩০৪টি ছাঁটাই প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। আলোচনায় অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্যরা, যাদের মধ্যে বিরোধী দল জামায়াতে ইসলামীর প্রতিনিধিরাও ছিলেন।
বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে অর্থ বিভাগে ২৮ হাজার ৬৫৫ কোটি টাকার বেশি। এরপর পরিকল্পনা বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়সহ বিভিন্ন খাতে বরাদ্দ নির্ধারণ করা হয়েছে।
এছাড়া নির্বাচন কমিশন, স্থানীয় সরকার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, পররাষ্ট্র মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরেও সংশোধিত বরাদ্দ অনুমোদিত হয়েছে।
এর আগে বাজেটের ওপর সংক্ষিপ্ত সমাপনী বক্তব্য দেন অর্থমন্ত্রী। এরপর পৃথকভাবে মঞ্জুরি দাবি পাসের মাধ্যমে সম্পূরক বাজেট অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন হয়।