Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● নিষিদ্ধ আওয়ামীলীগের নৈরাজ্য ও লুটপাটের প্রতিবাদে লালমোহনে পৌর যুবদলের বিক্ষোভ মিছিল ● শিক্ষক নিয়োগে রায় জালিয়াতি: ছিদ্দিক উল্লাহ ও কামালের ওকালতি নিষিদ্ধ ● অর্থনৈতিক সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ-জার্মানি ● যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়, বিদ্যুৎহীন প্রায় ১০ লাখ পরিবার ● আজকের নামাজের সময়সূচী ● রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের শেষ চালান ● বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর ● নিজামপুরে প্রাথমিক বিদ্যালয়ের মাঠে চিংড়ি শুঁটকি, ভোগান্তিতে শিক্ষার্থীরা ● আরাকান আর্মির হাতে আটক আরও ৪১ জেলে দেশে ফিরলেন, বছরে ফেরত ৩২৩ জন ● ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

হাসিনার ফেরা আর প্রত্যর্পণ এক নয় : ভারত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর,২০২৬, ০৪:২৯ পিএম
হাসিনার ফেরা আর প্রত্যর্পণ এক নয় : ভারত

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় দুই বছর ধরে প্রতিবেশী দেশটিতে অবস্থান করছেন তিনি। সেখান থেকে বিভিন্ন সময়ে নানা বার্তা দিয়েছেন। সর্বশেষ বার্তা সংস্থা রয়টার্সকে তাঁর প্রতিনিধি জানিয়েছেন, আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা। এ জন্য তিনি রাষ্ট্রীয় বিমান চেয়েছেন। তাঁর এ ঘোষণায় চাঙা হয়েছে আওয়ামী লীগ। সম্প্রতি দলটির নেতাকর্মীরা গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে তাণ্ডবও চালিয়েছেন।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, দেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে। মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হওয়ায় তাঁর রাষ্ট্রীয় বিমান চাওয়ার কোনো অধিকার নেই বলেও জানিয়েছে সরকার।

এদিকে শেখ হাসিনাকে ফেরত দিতে ভারত সরকারকে বারবার অনুরোধ জানিয়ে আসছে বাংলাদেশ। ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা প্রকাশের পর এ বিষয়ে আশ্রয়দাতা দেশটির অবস্থান কী, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে বাংলাদেশের মানুষের মধ্যে।

অবশেষে শেখ হাসিনার বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শেখ হাসিনার স্বেচ্ছায় দেশে ফেরার পরিকল্পনা এবং ঢাকার করা প্রত্যর্পণের অনুরোধ—দুটি সম্পূর্ণ আলাদা বিষয়।

বুধবার (২৫ নভেম্বর) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘এটি (প্রত্যর্পণ) শেখ হাসিনা ও বাংলাদেশ সরকারের মধ্যকার বিষয়।’

তিনি জানান, প্রত্যর্পণের অনুরোধটি বিদ্যমান আইনি কাঠামোর আওতায় প্রক্রিয়াধীন রয়েছে। তবে এ বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি।

রণধীর জয়সওয়াল বলেন, ‘প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুসারে অনুরোধটি পরীক্ষা করা হচ্ছে। কোনো নাগরিকের স্বেচ্ছায় দেশে ফেরার ইচ্ছার বিষয়টি প্রত্যর্পণের অনুরোধ থেকে আলাদা।’

এর আগে গত ৩ অক্টোবর শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী কথা বলেন। তিনি জানান, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ বিষয়ে দেশটির অবস্থান একাধিকবার স্পষ্ট করেছেন। বিষয়টি আইনি ও সুসংগঠিত প্রক্রিয়ার মধ্যে রয়েছে এবং আদালতও এর সঙ্গে সম্পৃক্ত। তাই শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানানো সম্ভব নয়।

শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার বিষয়ে দীনেশ ত্রিবেদী বলেন, ওই সময় একটি সামরিক বিমান ভারতে এসেছিল। এমন পরিস্থিতির জন্য ভারতও প্রস্তুত ছিল না। তিনি নিজেও তখন টেলিভিশনে খবর দেখছিলেন, যেখানে স্ক্রলে প্রচার করা হচ্ছিল যে শেখ হাসিনা অন্য কোনো দেশে যাচ্ছেন। ওই মুহূর্তে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। পরিস্থিতির বাস্তবতায় ভারতের সামনে খুব বেশি বিকল্পও ছিল না।

তিনি আরও বলেন, প্রতিবেশী হিসেবে তখনকার বাস্তবতাকে গ্রহণ করাই ছিল ভারতের দায়িত্ব। কারণ, কখনো কখনো এমন পরিস্থিতি তৈরি হয়, যার জন্য কোনো দেশই আগে থেকে প্রস্তুত থাকে না। ভারত যদি তাঁকে গ্রহণ না করার সিদ্ধান্ত নিত, এমনকি অবতরণের অনুমতিও না দিত, তাহলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াত, তা বলা কঠিন।

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরও সরকারের অবস্থান স্পষ্ট করেন। তিনি জানান, প্রত্যর্পণ ছাড়া শেখ হাসিনার দেশে ফেরার সুযোগ নেই। অর্থাৎ স্বেচ্ছায় দেশে ফেরার পথ কার্যত বন্ধ।

এর আগে মঙ্গলবার শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী জানান, আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে শেখ হাসিনার।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার নেতৃত্বে গণঅভ্যুত্থানের মুখে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এর মধ্য দিয়ে তাঁর টানা ১৬ বছরের শাসনের অবসান ঘটে।

বাংলাদেশ সরকার জানিয়েছে, দেশে প্রবেশের সঙ্গে সঙ্গেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে। অন্য যেকোনো দণ্ডিত পলাতক আসামির মতোই তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

২০২৪ সালে আন্দোলনকারীদের ওপর দমন-পীড়নের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)