আন্তর্জাতিক ডেস্ক
ইসরায়েলের পরবর্তী সরকার গঠনের দায়িত্ব পেয়েও জটিল রাজনৈতিক সমীকরণের মুখে পড়েছেন ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকট। দেশটির ৬৭ জন পার্লামেন্ট সদস্য (নেসেট) প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে তাঁর পক্ষে সুপারিশ করলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারেননি তিনি। ফলে নির্বাচনে যে নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোর প্রতিশ্রুতি দিয়ে প্রচার চালিয়েছিলেন, শেষ পর্যন্ত তাঁর দল লিকুদ পার্টির সঙ্গেই সরকার গঠনের আলোচনা করতে হচ্ছে আইজেনকটকে।
ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টির সঙ্গে কয়েক দফা আলোচনা করেছেন আইজেনকটের প্রতিনিধিরা।
পাশাপাশি নেতানিয়াহুর আগের জোটের শরিক অতি-গোঁড়া ইহুদি দলগুলোর সঙ্গেও আলোচনা চালিয়ে যাচ্ছেন তিনি। এমনকি ফিলিস্তিনি দলগুলোর সমর্থনে সংখ্যালঘু সরকার গঠনের সম্ভাবনাও উড়িয়ে দেননি।
তবে লিকুদের সঙ্গে সর্বশেষ আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। প্রধানমন্ত্রী কে হবেন এবং সরকারে কোন কোন দল থাকবে, এসব বিষয়ে দুই পক্ষের মতপার্থক্য এখনো কাটেনি।
বিশ্লেষকদের মতে, নেতানিয়াহুর সঙ্গে আলোচনায় বসার পেছনে আইজেনকটের রাজনৈতিক কৌশল রয়েছে। নির্বাচনের আগে নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোই ছিল তাঁর জোটের প্রধান লক্ষ্য।
কিন্তু আলোচনায় অংশ না নিলে নেতানিয়াহু প্রচার করতে পারতেন, বিরোধীরা ব্যক্তিগত বিরোধের কারণে জাতীয় ঐক্যের সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
আলোচনায় বসে সেই সুযোগ বন্ধ করতে চাইছেন আইজেনকট। সমঝোতা না হলেও তিনি বলতে পারবেন, ঐক্য সরকার গঠনের চেষ্টা করেছেন; কিন্তু নেতানিয়াহু প্রধানমন্ত্রীর পদ ছাড়তে রাজি না হওয়ায় আলোচনা ব্যর্থ হয়েছে।
এদিকে সরকার গঠনে আইজেনকটের সামনে তিনটি পথ রয়েছে—লিকুদের সঙ্গে ঐক্য সরকার গঠন, অতি-গোঁড়া ইহুদি দলগুলোর সমর্থন নেওয়া অথবা ফিলিস্তিনি দলগুলোর সমর্থনে সংখ্যালঘু সরকার গঠন। তবে প্রতিটি পথেই রয়েছে রাজনৈতিক বাধা।
অন্যদিকে আলোচনার সুযোগ নিয়ে নেতানিয়াহু ফিলিস্তিনি দলগুলোর সমর্থনে সরকার গঠনের সম্ভাবনাকে প্রশ্নবিদ্ধ করছেন। তাঁর দাবি, জাতীয় ঐক্যের সরকারে ফিলিস্তিনি দলগুলোর কোনো স্থান থাকতে পারে না।
ফলে যে নেতানিয়াহুকে সরানো ছিল বিরোধী জোটের প্রধান লক্ষ্য, তিনিই এখন সম্ভাব্য সরকার গঠনের অংশীদার হিসেবে বিবেচিত হচ্ছেন। এতে রাজনৈতিকভাবে সুবিধা পাচ্ছেন নেতানিয়াহু। আইজেনকটের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, কীভাবে নেতানিয়াহুকেই আবার ইসরায়েলের রাজনৈতিক অচলাবস্থার মূল কারণ হিসেবে প্রতিষ্ঠা করা যায়।
সূত্র: আল-জাজিরা