লালমোহন (ভোলা) প্রতিনিধি
ভোলার লালমোহনে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাত করার উদ্দেশ্যে মজুদ করা বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও রোলিং পেপার জব্দ করেছে কোস্ট গার্ড।
রোববার (২৩ আগস্ট) রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত লালমোহন থানার গজারিয়া বাজারসংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট লালমোহন।
অভিযানকালে সন্দেহজনক দুটি গোডাউনে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ৩০ হাজার ৪০০ শলাকা বিদেশি সিগারেট জব্দ করা হয়। জব্দ করা সিগারেটের আনুমানিক মূল্য ৩ লাখ ৪৩ হাজার ২০০ টাকা।
এ ছাড়া গাঁজা সেবনে ব্যবহৃত প্রায় ৫২ হাজার ২০০ টাকা মূল্যের ৩৪৮ বান্ডেল রোলিং পেপার জব্দ করা হয়েছে।
কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে অসাধু ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দ করা সিগারেট ও রোলিং পেপারের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ড জানিয়েছে, চোরাচালান ও অবৈধ পণ্য পরিবহন রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।