নিজস্ব প্রতিবেদক
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রস্তাবিত ভারত সফর নিয়ে ঢাকা ও নয়াদিল্লি কাজ করছে। দুই দেশের আলোচনার মাধ্যমে প্রধানমন্ত্রীর সফরের দিনক্ষণ চূড়ান্ত করা হবে।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টনের পর নিজ দপ্তরে যোগ দেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ সময় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, সফরটি নিয়ে দুই দেশই কাজ করছে। ঢাকা ও নয়াদিল্লির সুবিধাজনক সময়ে সফরের তারিখ চূড়ান্ত করা হবে।
বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাম্প্রতিক বক্তব্যকে ইতিবাচক হিসেবে দেখছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি বলেন, দেশের স্বার্থ রক্ষা করে কূটনীতিতে ভারসাম্য বজায় রাখাই তাঁর অন্যতম দায়িত্ব। বাংলাদেশের সঙ্গে ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে।