আন্তর্জাতিক ডেস্ক
ভারতের উত্তর প্রদেশের গ্রেটার নয়ডার একটি গ্রামে রাতের খাবারে নুডলস খাওয়ার পর একই পরিবারের পাঁচ সদস্যের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে তিন শিশু রয়েছে। প্রাথমিকভাবে খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কা করছে পুলিশ। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
শনিবার (১৭ অক্টোবর) সকালে এ ঘটনার খবর পায় পুলিশ। নিহতরা হলেন মহেশ (৩৭), তাঁর স্ত্রী ললিতা (৩৫) এবং তাঁদের তিন সন্তান। সন্তানদের মধ্যে দুই ছেলের বয়স ১১ ও তিন বছর এবং মেয়ের বয়স সাত বছর।
নয়ডা পুলিশের এক বিবৃতিতে জানানো হয়, স্থানীয় বাসিন্দা ও নিহত দম্পতির মায়ের ভাষ্য অনুযায়ী, পরিবারটি শুক্রবার রাতে নুডলস খেয়েছিল। এরপরই তাঁদের মৃত্যুর ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
খবর পেয়ে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, অ্যাম্বুলেন্স, ফরেনসিক দল ও খাদ্য নিরাপত্তা বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। ফরেনসিক দল ঘটনাস্থল পরীক্ষা করে বৈজ্ঞানিক প্রমাণ সংগ্রহ করছে।
গ্রেটার নয়ডার সহকারী পুলিশ কমিশনার রাজীব কুমার সিসোদিয়া বলেন, ‘শুক্রবার রাতে খাবার খাওয়ার পর তাঁরা বিশ্রাম নিচ্ছিলেন এবং বিছানায় ঘুমিয়ে পড়েছিলেন বলে মনে হচ্ছে। আমরা ঘটনাস্থলে গিয়ে তাঁদের মরদেহ ওই অবস্থায় দেখতে পাই। কী পরিস্থিতিতে এ ঘটনা ঘটেছে, তা নিয়ে তদন্ত চলছে। পরিবারটি সম্পর্কেও বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।’
পুলিশ জানিয়েছে, মৃত্যুর ঘটনায় আইনগত তদন্ত চলছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে এবং সে অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।