নিজস্ব প্রতিবেদক
ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাছির।
ছবি:
ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাছির। এ সময় তিনি বলেন, শিক্ষার্থীদের দাবির প্রতি ছাত্রদলের পূর্ণ সমর্থন রয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
নাসির উদ্দিন নাছির বলেন, “সাময়িক সময়ের জন্য পরীক্ষা স্থগিতের যে দাবি শিক্ষার্থীরা করেছে, ছাত্রদলও ঠিক একই দাবি জানিয়েছে। এ বিষয়ে আমরা গতকালই একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছি। শিক্ষার্থীদের যৌক্তিক দাবির সঙ্গে ছাত্রদল সবসময় একমত।”
তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের স্বার্থে ছাত্রদল সরকারের অবস্থানের বিপরীতে গিয়ে তাদের পক্ষে কথা বলেছে। আমরা সরকারের কাছে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছি।”
নাছির জানান, তারা জেনেছেন যে সোমবার দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডের কর্মকর্তা, বিভাগীয় কমিশনারসহ সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক হয়েছে।
তিনি বলেন, “আমার বিশ্বাস, আলোচনার মাধ্যমে এ সংকটের একটি গ্রহণযোগ্য সমাধান বেরিয়ে আসবে এবং শিক্ষার্থীদের উদ্বেগ দূর হবে।”