বাবরের নামে প্রচারিত দাবিটি ভুয়া
নিজস্ব প্রতিবেদক
সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর ইসলামী ব্যাংক থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ নিজের নামে ৮৩ হাজার কোটি টাকা ঋণ নিয়েছেন—এমন দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লেও এর কোনো সত্যতা পাওয়া যায়নি।
ফ্যাক্টচেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার-এর অনুসন্ধানে জানা গেছে, লুৎফুজ্জামান বাবর এ ধরনের কোনো মন্তব্য করেননি। কোনো তথ্যপ্রমাণ বা নির্ভরযোগ্য সূত্র ছাড়াই তার নামে বক্তব্যটি প্রচার করা হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টগুলো পর্যালোচনা করে বক্তব্যটির পক্ষে কোনো গ্রহণযোগ্য উৎস, বক্তব্যের মূল সূত্র কিংবা প্রাসঙ্গিক রেফারেন্স পাওয়া যায়নি। এছাড়া কোথায়, কখন এবং কোন প্রেক্ষাপটে তিনি এমন মন্তব্য করেছেন, সে সম্পর্কেও কোনো সুনির্দিষ্ট তথ্য উল্লেখ করা হয়নি।
অনুসন্ধানে দেখা যায়, দেশের শীর্ষ পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিদের গুরুত্বপূর্ণ বক্তব্য সাধারণত বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয় এবং একাধিক নির্ভরযোগ্য সূত্রে তার প্রতিফলন দেখা যায়। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে নিয়ে লুৎফুজ্জামান বাবরের এমন কোনো মন্তব্যের তথ্য কোনো বিশ্বস্ত গণমাধ্যম বা গ্রহণযোগ্য সূত্রে পাওয়া যায়নি।
রিউমার স্ক্যানারের অনুসন্ধানে আরও জানা যায়, সম্প্রতি একই ধরনের দাবি শফিকুর রহমান-এর নামেও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছিল। তবে যাচাই-বাছাইয়ে দেখা গেছে, তিনিও এমন কোনো মন্তব্য করেননি।
প্রকৃতপক্ষে শফিকুর রহমান এক বক্তব্যে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংক থেকে ৮২ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে বলে উল্লেখ করেছিলেন। সেই বক্তব্যকে বিকৃত করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়া হয়েছে।
ফলে, ইসলামী ব্যাংক ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে জড়িয়ে লুৎফুজ্জামান বাবরের নামে প্রচারিত ‘৮৩ হাজার কোটি টাকা ঋণ’ সংক্রান্ত দাবিটি সম্পূর্ণ ভুয়া, বানোয়াট এবং বিভ্রান্তিকর বলে নিশ্চিত করেছে ফ্যাক্টচেক অনুসন্ধান।