জব ডেস্ক
বাংলাদেশ নৌবাহিনী ২০২৭এ ডিইও ব্যাচে ‘কমিশন্ড অফিসার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীরা আগামী ১১ জুলাই ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী শিক্ষা শাখার বিভিন্ন বিষয়ে প্রার্থী নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে স্পেশাল এডুকেশন অ্যান্ড ইনক্লুসিভ এডুকেশন, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন, মনোবিজ্ঞান এবং বিভিন্ন প্রকৌশল বিষয়ে যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা
শিক্ষা শাখা (মাস্টার অব স্পেশাল এডুকেশন) পদে আবেদনের জন্য স্পেশাল এডুকেশন অ্যান্ড ইনক্লুসিভ এডুকেশন বিষয়ে চার বছর মেয়াদি বিএড এবং মাস্টার অব স্পেশাল এডুকেশন ডিগ্রি থাকতে হবে। এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.০০ এবং সংশ্লিষ্ট বিষয়ে সিজিপিএ ৩.০০ (৪ স্কেলে) থাকতে হবে।
শিক্ষা শাখা (সাধারণ বিষয়) পদে ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন বা মনোবিজ্ঞান বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.০০ এবং স্নাতক ও স্নাতকোত্তরে সিজিপিএ ৩.০০ (৪ স্কেলে) আবশ্যক।
শিক্ষা শাখা (ইঞ্জিনিয়ারিং) পদে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.৫০ এবং বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে সিজিপিএ ৩.০০ (৪ স্কেলে) থাকতে হবে।
শারীরিক যোগ্যতা
পুরুষ প্রার্থীদের ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৫০ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে।
নারী প্রার্থীদের ন্যূনতম উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি, ওজন ৪৬ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩০ ইঞ্চি হতে হবে।
বয়স ও বৈবাহিক অবস্থা
২০২৭ সালের ১ জানুয়ারি তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। বয়স প্রমাণে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। বিবাহিত ও অবিবাহিত উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ নৌবাহিনীর আবেদন পোর্টাল-এ প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে ৩০০×৩০০ পিক্সেল আকারের ছবি এবং ৩০০×৮০ পিক্সেল আকারের স্বাক্ষর আপলোড করতে হবে।
আবেদন ফি বাবদ অনলাইন বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অফেরতযোগ্য ১,০০০ টাকা জমা দিতে হবে।
আবেদনের শেষ সময়: ১১ জুলাই ২০২৬।