আন্তর্জাতিক ডেস্ক
ওয়াশিংটনের রাজনৈতিক সীমাবদ্ধতা ঘনিয়ে আসার আগে ইরানের বিরুদ্ধে সামরিক উত্তেজনা বাড়ানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হাতে মাত্র দুই থেকে তিন সপ্তাহ সময় বাকি আছে বলে মন্তব্য করেছেন মার্কিন ভূরাজনৈতিক বিশ্লেষক প্যাট্রিক হেনিংসেন। ইরানের শক্তিশালী প্রতিরোধব্যবস্থা, যুক্তরাষ্ট্রের সামরিক বিমান হারানো এবং মধ্যবর্তী নির্বাচনের পর ট্রাম্পের রাজনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ার কারণে ওয়াশিংটনের সামনে বিকল্প পথগুলো ক্রমেই সংকুচিত হয়ে আসছে।
আল-মায়াদিনের ‘দ্য গ্র্যান্ড স্ট্যান্ডঅফ’ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় হেনিংসেন দাবি করেন, ট্রাম্প ও নেতানিয়াহু—দুই নেতাই বর্তমানে রাজনৈতিকভাবে দুর্বল অবস্থায় রয়েছেন। তাঁদের হাতে সময় দ্রুত ফুরিয়ে আসছে। বিপরীতে, ইরান এই সংঘাতের নিয়ন্ত্রণ ও উদ্যোগ নিজেদের হাতে নিয়ে নিয়েছে।
হেনিংসেনের মতে, তেহরান এমন একটি বিশ্বাসযোগ্য প্রতিরোধব্যবস্থা গড়ে তুলেছে, যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যেকোনো আগ্রাসনের রাজনৈতিক মূল্য ক্রমাগত বাড়িয়ে তুলছে। একই সঙ্গে যেসব ইউরোপীয় দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, সেসব দেশকেও এই ঝুঁকির বিষয়টি বিবেচনায় নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
মার্কিন প্রেসিডেন্টের সাম্প্রতিক ঘোষণাগুলোর গুরুত্ব নাকচ করে হেনিংসেন ট্রাম্পের পরিবর্তনশীল সময়সীমার বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, ট্রাম্প এখন নতুন বছরের পরের কোনো তারিখের কথা বলছেন। প্রেসিডেন্টের এসব বক্তব্যকে অনির্ভরযোগ্য উল্লেখ করে হেনিংসেন বলেন, তাঁর কথাকে খুব একটা গুরুত্ব দেওয়া যায় না, কারণ তিনি বারবার অবস্থান ও সময়সীমা পরিবর্তন করেন।
হেনিংসেনের বিশ্লেষণ অনুযায়ী, বাস্তবে হামলার সুযোগ বা সময়সীমা আরও কম। রাজনীতি ও যুদ্ধের বিষয়ে নিজের দৃষ্টিভঙ্গি কিছুটা কঠোর বা সংশয়বাদী বলে স্বীকার করে তিনি বলেন, মার্কিন সরকার সাধারণত বড়দিনের ঠিক আগে কোনো যুদ্ধ শুরু করে না বা সামরিক উত্তেজনা বাড়ায় না। কারণ, ওই সময় পরিবারগুলো একত্র হয় এবং সাধারণ মানুষ সরকারের নীতি নিয়ে গভীরভাবে ভাবার সুযোগ পায়।
তাঁর মতে, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের পরই এই সুযোগ শেষ হয়ে যাবে। ওয়াশিংটনকে আরও বড় সংঘাতে জড়িয়ে ফেলার ক্ষেত্রে ইসরায়েলের সুযোগও একইভাবে সীমিত হয়ে আসবে।
নতুন মার্কিন কংগ্রেসের শপথ গ্রহণকে চূড়ান্ত সময়সীমা হিসেবে উল্লেখ করে হেনিংসেন ট্রাম্প ও নেতানিয়াহু—উভয়কেই রাজনৈতিকভাবে দুর্বল হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, ‘ট্রাম্প ও নেতানিয়াহু দুজনই এখন আহত প্রাণীর মতো। এই পরিস্থিতি থেকে যতটা সম্ভব রাজনৈতিক ফায়দা নেওয়ার সুযোগ তাঁদের সামনে খুবই সীমিত। কারণ, আমরা সবাই জানি, ৩ জানুয়ারি মার্কিন কংগ্রেসের নতুন সদস্যরা শপথ নেওয়ার পর সবকিছু বদলে যাবে।’
ওই তারিখের পর কেবল ইসরায়েলের কোনো ‘ফলস ফ্ল্যাগ’ বা নিজেদের সাজানো অভিযানের মতো চরম উসকানিই পরিস্থিতির সমীকরণ বদলে দিতে পারে বলে মন্তব্য করেন তিনি।
উত্তেজনা বৃদ্ধির বিপরীতে ইরানের প্রতিরোধক্ষমতার বিষয়টিও তুলে ধরেন হেনিংসেন। তিনি বলেন, তেহরান এমন শক্তিশালী প্রতিরোধব্যবস্থা গড়ে তুলেছে, যার মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা যুক্তরাষ্ট্রের নেই। এরই মধ্যে বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়া ওয়াশিংটনের জন্য ইরানের এই সক্ষমতা সামরিক সংঘাতের রাজনৈতিক মূল্য আরও বাড়িয়ে তুলছে।
হেনিংসেনের ভাষায়, ‘ইরান ব্যাপক প্রতিরোধ গড়ে তুলেছে। অন্য কথায়, তারা কোনো ধাপ্পাবাজি করছে না।’ সংঘাতের গতিপ্রকৃতি এখন তেহরানের নিয়ন্ত্রণে রয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, এখন পর্যন্ত পারস্পরিক পদক্ষেপের গতি নির্ধারণের ক্ষেত্রে ইরানিরাই সুবিধাজনক অবস্থানে রয়েছে।