Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● শাওমির সাম্প্রতিক মডেল ‘রেডমি নোট ১৭ ডিসপ্লে বিকল: ভোগান্তি ও ‘রিপ্লেসমেন্ট’ নিয়ে গ্রাহকদের তীব্র ক্ষোভ ● আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা ন্যায়সংগত: রিজভী ● ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৯ জনের মৃত্যু ● লালমোহনে রাতের আঁধারে অন্যের জমিতে ঘর নির্মাণের চেষ্টা, বাধা দিলে হামলার অভিযোগ ● শেখ হাসিনাকে ভারত একটা বিমান পর্যন্ত দিচ্ছে না: আসিফ মাহমুদ ● ধামরাইয়ে চিরনিদ্রায় শায়িত অভিনেতা সোহেল খান ● চ্যাম্পিয়ন্স লিগে হ্যাটট্রিকের পথে পিএসজির চোটের বাধা ● যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী ● নেতানিয়াহুর সঙ্গেই কেন সরকার গঠনের আলোচনা করছেন আইজেনকট? ● ‘প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে ফিরতে হবে, লাল গালিচায় নয়’
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শাওমির সাম্প্রতিক মডেল ‘রেডমি নোট ১৭ ডিসপ্লে বিকল: ভোগান্তি ও ‘রিপ্লেসমেন্ট’ নিয়ে গ্রাহকদের তীব্র ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশ : মঙ্গলবার, ২৪ নভেম্বর,২০২৬, ০২:১৮ পিএম
শাওমির সাম্প্রতিক মডেল ‘রেডমি নোট ১৭ ডিসপ্লে বিকল: ভোগান্তি ও ‘রিপ্লেসমেন্ট’ নিয়ে গ্রাহকদের তীব্র ক্ষোভ

শখের বশে নতুন স্মার্টফোন কেনার মাত্র একদিনের মাথায় ডিসপ্লে অকেজো হয়ে পড়ার মতো গুরুতর অভিযোগ উঠেছে জনপ্রিয় ব্র্যান্ড শাওমির বিরুদ্ধে। সাম্প্রতিক মডেল ‘রেডমি নোট ১৭’ (Redmi Note 17) ও ‘রেডমি ১৭ ফাইভ জি’ (Redmi 17 5G) ফোনে ডিসপ্লে ও টাচস্ক্রিনের ত্রুটি নিয়ে একাধিক গ্রাহক ভোগান্তির কথা জানিয়েছেন। ফোন কেনার পরপরই ডিসপ্লের আলো কমে যাওয়া, টাচস্ক্রিন কাজ না করা এবং হঠাৎ স্ক্রিন ব্ল্যাঙ্ক হয়ে যাওয়ার মতো সমস্যায় পড়ছেন বলে অভিযোগ তাঁদের। তবে এসব সমস্যার পাশাপাশি বিক্রয়োত্তর সেবা এবং ফোন রিপ্লেসমেন্টের নীতিমালা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা।

সার্ভিস সেন্টারে গিয়েও মিলছে না সমাধান
ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ, নতুন ফোন কেনার এক থেকে দুই দিনের মধ্যে ডিসপ্লেতে ত্রুটি দেখা দেওয়ায় তাঁরা প্রথমে অনুমোদিত ডিলার বা বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করেন। কিন্তু সেখানে তাৎক্ষণিক কোনো সমাধান না দিয়ে তাঁদের পাঠানো হচ্ছে অনুমোদিত সার্ভিস সেন্টারে।

সার্ভিস সেন্টারে যাওয়ার পরও সমস্যার স্থায়ী সমাধান না পাওয়ার অভিযোগ করেছেন কয়েকজন গ্রাহক। তাঁদের দাবি, ফোনের সম্ভাব্য হার্ডওয়্যার ত্রুটি পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরিবর্তে সফটওয়্যার ফ্ল্যাশ করে সাময়িকভাবে ফোন ফেরত দেওয়া হচ্ছে।

একই সঙ্গে গ্রাহকদের জানানো হচ্ছে, আগামী সাত দিনের মধ্যে একই সমস্যা আবার দেখা দিলে ফোনটি রিপ্লেস করে দেওয়া হবে। তবে সাত দিন পার হয়ে গেলে আর ফোন পরিবর্তনের সুযোগ থাকবে না, তখন সেটি সার্ভিসিং বা মেরামত করতে হবে।

নতুন ফোন কেন মেরামত করতে হবে, প্রশ্ন গ্রাহকদের
সার্ভিস সেন্টারের এমন শর্তে অসন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। নাদিয়া নামের এক ক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, কষ্টার্জিত টাকায় নতুন ফোন কেনার ২৪ ঘণ্টার মধ্যেই যদি ডিসপ্লে নষ্ট হয়ে যায়, তাহলে সেটি উৎপাদনজনিত ত্রুটি হওয়ার আশঙ্কা রয়েছে। সফটওয়্যার ফ্ল্যাশ দিয়ে সাময়িকভাবে সমস্যার সমাধান দেখিয়ে সাত দিন অপেক্ষা করতে বলা হচ্ছে। সাত দিন পার হলে রিপ্লেসমেন্টের সুযোগ না দিয়ে ফোন খুলে মেরামতের কথা বলা হবে।

তিনি প্রশ্ন তোলেন, ‘একটি নতুন ফোন কেনার পরপরই কেন সেটি খুলে ডিসপ্লে পরিবর্তন বা মেরামত করাতে হবে?’

নিজের ভোগান্তির বর্ণনা দিয়ে নাদিয়া বলেন, মাত্র দুই দিন আগে বসুন্ধরা শপিং কমপ্লেক্স থেকে ৩২ হাজার টাকা দিয়ে ফোনটি কিনেছেন তিনি। বাসায় নেওয়ার পর চার্জে দিলে কিছুক্ষণ পর ফোনটি আর চার্জ হচ্ছিল না। এ নিয়ে সারা রাত দুশ্চিন্তায় ছিলেন। পরে ডিলারের কাছে গেলে তাঁকে পল্টনের সার্ভিস সেন্টারে যোগাযোগ করতে বলা হয়।

নাদিয়ার অভিযোগ, সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়ার পর ফোনটি ফ্ল্যাশ করা হয়। এতে তাঁর প্রয়োজনীয় ডকুমেন্টস হারিয়ে গেছে। এখন ফোনের স্ক্রিনে টাচ করলে কাঁপুনি অনুভূত হচ্ছে। সামনে পরীক্ষা থাকায় পরদিনই তাঁকে ভোলায় চলে যেতে হচ্ছে। নতুন ফোন কিনে এমন বিড়ম্বনায় পড়তে হবে, তা ভাবেননি বলেও আক্ষেপ করেন তিনি।

নাম প্রকাশ না করার শর্তে আরেক গ্রাহক জানান, কয়েক দিন আগে পল্টনের বায়তুল ভিউ টাওয়ারে শাওমির অনুমোদিত ডিলার থেকে ৩২ হাজার টাকা দিয়ে রেডমি ১৭ ফাইভ জি ফোনটি কিনেছেন তিনি। কেনার পর থেকেই হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে সমস্যা হচ্ছে। পাশাপাশি ফোনের স্ক্রিন প্রায় দুই মিনিট ধরে কাঁপতে থাকে।

ওই গ্রাহকের অভিযোগ, সমস্যা নিয়ে শোরুমে যোগাযোগ করেও সন্তোষজনক সমাধান পাননি। নতুন ফোন কেনার পরপরই এমন সমস্যায় পড়া এবং বিক্রয়কেন্দ্রের সেবায় অসন্তুষ্টি প্রকাশ করেন তিনি।

শাওমি সার্ভিস সেন্টারের বক্তব্য পাওয়া যায়নি
এসব অভিযোগের বিষয়ে পল্টন সার্ভিস সেন্টারের ম্যানেজার মিজানুর রহমানের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি ফোন রিসিভ না করায় এ বিষয়ে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ভুক্তভোগী গ্রাহকদের দাবি, নতুন ফোনে উৎপাদনজনিত ত্রুটি দেখা দিলে দ্রুত ও কার্যকর সমাধান দিতে হবে। সাময়িক সফটওয়্যার আপডেট বা ফ্ল্যাশের মাধ্যমে সমস্যার সমাধান না করে ত্রুটির প্রকৃত কারণ নির্ণয় এবং ন্যায্য রিপ্লেসমেন্ট নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তাঁরা। শাওমির এমন প্রতারণার স্বীকার ভূক্তভোগী গ্রাহকরা বলেন, নিজের টাকা দিয়ে এমন ত্রুটিযুক্ত মোবাইল কেউ কিনবেন না।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)