Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● শাওমির সাম্প্রতিক মডেল ‘রেডমি নোট ১৭ ডিসপ্লে বিকল: ভোগান্তি ও ‘রিপ্লেসমেন্ট’ নিয়ে গ্রাহকদের তীব্র ক্ষোভ ● আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা ন্যায়সংগত: রিজভী ● ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৯ জনের মৃত্যু ● লালমোহনে রাতের আঁধারে অন্যের জমিতে ঘর নির্মাণের চেষ্টা, বাধা দিলে হামলার অভিযোগ ● শেখ হাসিনাকে ভারত একটা বিমান পর্যন্ত দিচ্ছে না: আসিফ মাহমুদ ● ধামরাইয়ে চিরনিদ্রায় শায়িত অভিনেতা সোহেল খান ● চ্যাম্পিয়ন্স লিগে হ্যাটট্রিকের পথে পিএসজির চোটের বাধা ● যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী ● নেতানিয়াহুর সঙ্গেই কেন সরকার গঠনের আলোচনা করছেন আইজেনকট? ● ‘প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে ফিরতে হবে, লাল গালিচায় নয়’
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

প্রেমিকাকে সংসদে দাঁড়িয়েই বিয়ের প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : সোমবার, ২৩ নভেম্বর,২০২৬, ১০:১৯ পিএম
প্রেমিকাকে সংসদে দাঁড়িয়েই বিয়ের প্রস্তাব

অস্ট্রেলিয়ার সংসদে বিদায়ী ভাষণ দিতে উঠে সবাইকে চমকে দিলেন দেশটির সংসদ সদস্য জর্ডান লেন। রাজনৈতিক জীবনের শেষ ভাষণকে স্মরণীয় করে রাখতে সংসদকেই বেছে নিলেন জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিগত মুহূর্তের সাক্ষী হিসেবে। ভাষণের একপর্যায়ে সংসদে উপস্থিত সবার সামনে দীর্ঘদিনের সঙ্গী নাটালিকে বিয়ের প্রস্তাব দেন তিনি। আবেগঘন সেই মুহূর্তে নাটালিও সম্মতি জানান। ফলে সংসদের আনুষ্ঠানিক বিদায়ী ভাষণ পরিণত হয় এক ব্যতিক্রমী বিয়ের প্রস্তাবের ঘটনায়।

জর্ডান লেন অস্ট্রেলিয়ার রাইড আসনের সংসদ সদস্য। সংসদে দেওয়া ওই বক্তব্যকে নিজের শেষ ভাষণ হিসেবে উল্লেখ করেন তিনি। ভাষণে রাজনীতি, ভালোবাসা, পরিবার এবং জীবনের গুরুত্বপূর্ণ মানুষদের নিয়ে কথা বলেন এই অস্ট্রেলীয় এমপি। একই সঙ্গে জীবনের নতুন অধ্যায়ে পা রাখার আগে নিজের মনের বিশেষ ইচ্ছাটিও প্রকাশ করেন।

পুরো ঘটনার ভিডিও নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করেন লেন। সেখানে তিনি লেখেন, ‘আজ সংসদে আমার শেষ ভাষণ দিলাম। রাইডকে আমি ভালোবাসি, সব সময় ভালোবাসব। কিন্তু নাটালিকে তার চেয়েও বেশি ভালোবাসি।’

সংসদের স্পিকার যখন লেনকে বিদায়ী ভাষণ দেওয়ার জন্য আহ্বান জানান, তখনই শুরু হয় বিশেষ মুহূর্তটির প্রস্তুতি। ভাষণের শুরুতেই লেন বলেন, জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া যতটা কঠিন, তার চেয়েও কঠিন সেটি অন্যদের কাছে ব্যাখ্যা করা। ভালোবাসা তাঁর জীবনের কতটা গুরুত্বপূর্ণ অংশজুড়ে রয়েছে, তা-ও তুলে ধরেন তিনি।

লেনের কথায়, ভালোবাসা এমন এক অনুভূতি, যা প্রবল আবেগ নিয়ে জ্বলে ওঠে। সব সময় যার ব্যাখ্যা দেওয়া সম্ভব হয় না। তাঁর জীবনের বড় একটি অংশজুড়ে রয়েছে ভালোবাসা ও রাজনীতি। এই দুই বিষয় তাঁকে জীবনের অসাধারণ কিছু অভিজ্ঞতা উপহার দিয়েছে এবং ব্যক্তিত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এরপর নিজের রাজনৈতিক জীবনের শুরুর দিনগুলোর কথাও স্মরণ করেন লেন। তিনি জানান, নির্বাচনে জয় পাওয়া তাঁর জন্য মোটেও সহজ ছিল না। বরং প্রতিকূল পরিস্থিতির মধ্যেই রাজনৈতিক সাফল্য অর্জন করতে হয়েছিল তাঁকে।

নিজের রাজনৈতিক পথচলা প্রসঙ্গে তিনি বলেন, ‘দেখুন, আমি কোনো রাজনৈতিক পরিবারের সন্তান নই। আর রাইডের মানুষ প্রায় তিন-চতুর্থাংশ শতাব্দী ধরে বিরোধী দলের একজন নতুন সংসদ সদস্যকে নির্বাচিত করেননি।’

ভাষণে বাবা-মা জ্যানেল ও রিচার্ডের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন লেন। সততা, কঠোর পরিশ্রম এবং মানুষের প্রতি শালীন আচরণের মতো মূল্যবোধ শেখানোর জন্য তাঁদের ধন্যবাদ জানান তিনি। নিজের জন্মভূমি ও বেড়ে ওঠার এলাকা রাইডের সঙ্গে গভীর সম্পর্কের কথাও তুলে ধরেন। জানান, সারা জীবন এই এলাকাতেই কাটিয়েছেন তিনি। রাইড সব সময় তাঁর বাড়ি হয়ে থাকবে, আর সেখানকার মানুষ তাঁর পরিবারের অংশ হয়েই থাকবেন।

এ ছাড়া দুই বোন কেন্ডাল ও ম্যাডিসন, দাদি জুন এবং লিলি ও অস্কারের প্রতিও কৃতজ্ঞতা জানান এই সংসদ সদস্য। জীবনের বিভিন্ন সময়ে তাঁদের সমর্থন ও ভালোবাসার কথা স্মরণ করেন তিনি।

তবে ভাষণের সবচেয়ে আবেগঘন অংশটি ছিল তাঁর সঙ্গী নাটালিকে ঘিরে। তাঁদের সম্পর্কের কথা বলতে গিয়ে লেন জানান, নানা প্রতিকূলতা পেরিয়েও তাঁদের ভালোবাসা টিকে রয়েছে। নাটালিকে নিজের জীবনের সব ভালো ও সত্যিকারের অনুভূতির উৎস হিসেবে বর্ণনা করেন তিনি।

নাটালির উদ্দেশে সরাসরি কথা বলতে গিয়ে লেন বলেন, তাঁর জীবনে যা কিছু ভালো ও সত্য, তার সবকিছুর উৎস নাটালি। তাঁর প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি সম্পর্কটির গুরুত্বও তুলে ধরেন তিনি।

ভাষণের শেষ দিকে লেন বলেন, অনেক সময় কথার চেয়ে কাজের মাধ্যমে মনের ভাব আরও ভালোভাবে প্রকাশ করা যায়। পুরো বক্তব্যে যে বড় পদক্ষেপের কথা তিনি বলে আসছিলেন, এবার সেটি বাস্তবে দেখাতে চান বলেও জানান।

এরপর নাটালির দিকে ফিরে সংসদে দাঁড়িয়েই তাঁকে বিয়ের প্রস্তাব দেন লেন। স্পিকারকে সম্বোধন করে তিনি বলেন, ‘রাইডের সংসদ সদস্য হিসেবে আমার শেষ প্রশ্নটি আমার সবচেয়ে প্রিয় মানুষ নাটালির উদ্দেশে। তুমি কি আমাকে বিয়ে করবে?’

জবাবে নাটালি মাথা নেড়ে সম্মতি জানান। মুহূর্তেই সংসদের আনুষ্ঠানিক পরিবেশ বদলে যায় আবেগঘন ব্যক্তিগত আয়োজনে। সহকর্মী ও সংসদ সদস্যদের উপস্থিতিতে জর্ডান লেনের বিদায়ী ভাষণ হয়ে ওঠে জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত।

রাজনীতি, জনসেবা, পরিবার ও ভালোবাসার কথা দিয়ে শুরু হওয়া ভাষণের শেষটা যে এমন একটি বিশেষ ঘটনায় পরিণত হবে, তা হয়তো উপস্থিত অনেকের কাছেই ছিল অপ্রত্যাশিত। সংসদ সদস্য হিসেবে রাইডের মানুষের উদ্দেশে শেষ বক্তব্য দিতে এসে জর্ডান লেন শুধু রাজনৈতিক জীবনের একটি অধ্যায়ের সমাপ্তিই টানলেন না, একই সঙ্গে ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায়ের সূচনাও করলেন। আর সেই মুহূর্তের সাক্ষী হয়ে রইল অস্ট্রেলিয়ার সংসদ।

সূত্র: এনডিটিভি

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)