আন্তর্জাতিক ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিরুদ্ধে দায়ের করা যৌন নিপীড়ন ও মানহানি মামলায় লেখিকা ই. জিন ক্যারলকে আদালতের নির্দেশ অনুযায়ী ৫.৬২ মিলিয়ন ডলার পরিশোধ করেছেন। এর মধ্যে রয়েছে জুরির নির্ধারিত ৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ এবং আপিল চলাকালে জমা হওয়া সুদ।
মঙ্গলবার ক্যারলের আইনজীবী রবার্টা কাপলান এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেন, "আজ আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে জুরির নির্দেশ অনুযায়ী ক্যারল ক্ষতিপূরণের সম্পূর্ণ অর্থ পেয়েছেন।"
এর আগে ট্রাম্প অর্থ পরিশোধে বিলম্ব করতে চেয়েছিলেন, যাতে তিনি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টকে তার আপিল শুনতে অস্বীকৃতির সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করতে পারেন। তবে গত সপ্তাহে মামলার বিচারক তাকে অবিলম্বে ক্ষতিপূরণের অর্থ পরিশোধের নির্দেশ দেন। ট্রাম্পের আইনি দলের একজন প্রতিনিধি এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।
৮২ বছর বয়সী সাবেক ম্যাগাজিন কলামিস্ট ই. জিন ক্যারল অভিযোগ করেন, ১৯৯০-এর দশকের মাঝামাঝি নিউইয়র্কের ম্যানহাটনে অবস্থিত বার্গডর্ফ গুডম্যান ডিপার্টমেন্ট স্টোরের একটি ড্রেসিংরুমে ট্রাম্প তাকে যৌন নিপীড়ন করেছিলেন। পরে ২০২২ সালে ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ ওই অভিযোগ অস্বীকার করে ক্যারলকে নিয়ে মানহানিকর মন্তব্য করেন।
রায় ঘোষণার পর ট্রাম্প ক্ষতিপূরণের অর্থ আদালত-নিয়ন্ত্রিত একটি অ্যাকাউন্টে জমা করেছিলেন, যা আপিল প্রক্রিয়া চলাকালে সংরক্ষিত ছিল। যদিও ট্রাম্পের আইনজীবীরা শুরু থেকেই এই রায়ের তীব্র বিরোধিতা করে আসছেন।
এদিকে, এই মামলার বাইরে ২০২৪ সালে পৃথক একটি মানহানি মামলায় ক্যারলের পক্ষে দেওয়া ৮৩.৩ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণের রায়ের বিরুদ্ধেও ট্রাম্প বর্তমানে উচ্চ আদালতে আপিল প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন।