নিজস্ব প্রতিবেদক
দেশে হাম পরিস্থিতি এখনও উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৬৩ জন শিশু।
রোববার (২১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৫৮৭ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৩ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গজনিত কারণে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৮০ জনে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬২ জন শিশু হামে আক্রান্ত হয়েছে। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১ হাজার ১ জন। এ সময়ে ৯৫৭ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, আর চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে ৮৭৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, ১৫ মার্চ থেকে ২১ জুন সকাল পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯২ হাজার ৭৯০ জনে। এর মধ্যে পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া হাম রোগীর সংখ্যা ১১ হাজার ১১ জন।
একই সময়ে মোট ৭৬ হাজার ৮৫৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৭২ হাজার ৮৪৯ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচিতে অংশগ্রহণ এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন।