নিজস্ব প্রতিবেদক
দেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজনের শরীরে হাম শনাক্ত হয়েছিল, আর তিনজন হামের উপসর্গে আক্রান্ত ছিল। চার শিশুরই মৃত্যু হয়েছে ঢাকায়।
সোমবার (১৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৯৭২ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। একই সময়ে ৬৪ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। ফলে নতুন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৬ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে ৫৬৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৯৩ শিশু। সব মিলিয়ে এ সময়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৫৬ জনে।
এ ছাড়া ১৫ মার্চ থেকে দেশে ৮৬ হাজার ৯২৩ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এদের মধ্যে ৭১ হাজার ৪৬৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬৭ হাজার ৮৭৮ শিশু।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৮৮ জন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে ১ হাজার ৩৭ জন।