নিজস্ব প্রতিবেদন
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫’-এ চূড়ান্তভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীর যোগদানের তারিখ আগামী ১ অক্টোবর নির্ধারণ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
রোববার (২ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর শূন্য পদে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা আগামী ১ অক্টোবর সংশ্লিষ্ট জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন। তাদের কাছে যথাসময়ে নিয়োগপত্র পাঠানো হবে।
এতে আরও বলা হয়, যোগদানের পর নির্বাচিত প্রার্থীদের পদায়ন সম্পন্ন করা হবে এবং পরবর্তী সময়ে পেশাগত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
এর আগে শনিবার শিক্ষক নিয়োগসংক্রান্ত এক জরুরি ভার্চুয়াল সভা শেষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াত হোসেন জানিয়েছিলেন, চূড়ান্তভাবে নির্বাচিত সহকারী শিক্ষকদের যোগদান আগামী ২৯ অক্টোবর শুরু হবে। তবে পরদিন নতুন বিজ্ঞপ্তি জারি করে সেই সিদ্ধান্ত পরিবর্তন করে যোগদানের তারিখ ১ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।