অমিত বণিক
রাজধানীতে শিশুদের সৃজনশীলতা উদযাপনের সবচেয়ে বড় আয়োজন কিডস টাইম মেলার তিন দিনব্যাপী আয়োজন রোববার (২৬ জানুয়ারি) শেষ হয়েছে। শুক্রবার থেকে শুরু হওয়া এই মেলায় ছিল পাপেট শো, ম্যাজিক শো, পুষ্টি ও নিরাপদ খাবার নিয়ে বিশেষ গেমসহ শিশুদের জন্য নানা বিনোদনমূলক আয়োজন। নাচ, গান ও কবিতা আবৃত্তিতে শিশুদের অংশগ্রহণ এবং সাংস্কৃতিক পরিবেশনা ছিল মেলার অন্যতম আকর্ষণ।
এবার কিডস টাইম মেলার পঞ্চম আয়োজনে বিভিন্ন বয়সের প্রায় ২৭ হাজার শিশু ও তাদের অভিভাবকরা অংশ নেন। ঢাকার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরাও মেলায় অংশগ্রহণ করেছে। এ আয়োজনের পুষ্টি অংশীদার ছিল গ্রামীণ ডানোন শক্তি।
অন্যান্য অংশীদারদের মধ্যে ছিল টগুমগু (প্যারেন্টিং পার্টনার), পোলার (আইসক্রিম পার্টনার), ডেটল (হাইজিন পার্টনার), স্কয়ার (স্ন্যাকস পার্টনার), পেপারফ্লাই (লজিস্টিক পার্টনার) ও গুফি ওয়ার্ল্ড (বিনোদন পার্টনার)।
মেলায় শিশুদের জন্য ‘কিডস টাইম ক্রিয়েটিভ জোন’ ও গ্রামীণ ডানোন শক্তির ‘হেলদি জোন’ ছিল বিশেষ আকর্ষণ। ক্রিয়েটিভ জোনে শিশুরা আর্ট ও ক্র্যাফটের কাজ করে তাদের সৃজনশীলতা প্রদর্শন করেছে।
হেলদি জোনে ছিল মজাদার গেম ও উপহার পাওয়ার সুযোগ। এছাড়া ডুডল বোর্ড, ফটো বুথ ও পছন্দের ডিজাইনে টি-শার্ট বানানোর সুযোগও ছিল শিশুদের জন্য।
মেলায় প্যারেন্টিং সেশন পরিচালনা করেন টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক, ইউটিউবে শিশুদের ইংরেজি শেখানোর জন্য পরিচিত উম্মে মাইসুন ও সামাজিক মাধ্যমে জনপ্রিয় 'বাপকা বেটা' খ্যাত শুভাশীষ ভৌমিক।
কিডস টাইমের প্রতিষ্ঠাতা তাহমিনা রহমান বলেন, মেলায় শিশু ও তাদের অভিভাবকদের অংশগ্রহণ অভূতপূর্ব ছিল।
এ ইভেন্টের লক্ষ্য হলো ৩ থেকে ১২ বছর বয়সী শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও সুস্থতা নিয়ে কাজ করা বিভিন্ন ব্র্যান্ড ও উদ্যোগগুলোকে একত্রিত করা। এছাড়াও বাবা-মায়েদের ক্রিয়েটিভিটি, সেইফ ফুড ও নিউট্রিশন সম্পর্কে জানানোও মেলার অন্যতম লক্ষ্য বলে জানান।