নিজস্ব প্রতিবেদক
চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম।
ছবি:
দুবাইয়ে গ্রেপ্তার হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ-কে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম।
সোমবার (১৫ জুন) নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
চিফ প্রসিকিউটর বলেন, র্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় বিচার কার্যক্রম চলছে এবং ওই মামলার অন্যতম আসামি বেনজীর আহমেদ।
তিনি জানান, শাপলা চত্বর অভিযান-সংক্রান্ত মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। এছাড়া একরামুল হক হত্যাকাণ্ডের ঘটনায়ও আনুষ্ঠানিক অভিযোগপত্র প্রস্তুত করা হয়েছে, যা শিগগিরই দাখিল করা হবে।
আমিনুল ইসলাম বলেন, বিভিন্ন গুমের ঘটনায় বেনজীর আহমেদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে ট্রাইব্যুনালের বাইরেও একাধিক অভিযোগ রয়েছে। এ কারণে তার বিরুদ্ধে জারি করা তিনটি গ্রেপ্তারি পরোয়ানার নথি সরকারের কাছে পাঠানো হয়েছে। পরবর্তী ধাপে সেগুলো ইন্টারপোল-এ পাঠানো হবে।
তিনি আরও জানান, বেনজীরকে দেশে ফেরত আনার জন্য আনুষ্ঠানিকভাবে আবেদনও করা হয়েছে। সব প্রক্রিয়া সম্পন্ন হলে আগামী এক মাসের মধ্যে সংযুক্ত আরব আমিরাত সরকার তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে বলে আশা করছে ট্রাইব্যুনাল।
দেশে ফেরার পর তাকে জিজ্ঞাসাবাদের আওতায় আনা হবে উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন, বিভিন্ন মামলার তদন্তে প্রয়োজনীয় তথ্য ও প্রমাণ সংগ্রহের জন্য তার কাছ থেকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে।