বিনোদন ডেস্ক
শুটিং সেটে যৌন হেনস্তার শিকার হয়েছিলেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। তবে ঘটনার সময় বুঝতেই পারেননি, তার সঙ্গে কী ঘটেছিল। কারণ, পরিচালক তাকে সরাসরি শারীরিকভাবে স্পর্শ করেননি।
২০১১ সালে ‘তনু ওয়েডস মনু’ সিনেমার শুটিংয়ে এ তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী। বহু বছর পর মিটু আন্দোলনের সময় অন্য নারীদের অভিজ্ঞতা শুনে নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার প্রকৃত অর্থ উপলব্ধি করেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন স্বরা। তিনি জানান, ২০১১ সালে ভারতের মধ্যপ্রদেশের পাচমাড়িতে সিনেমাটির আউটডোর শুটিং চলাকালে পরিচালকের হাতে যৌন হেনস্তার শিকার হন।
অভিনেত্রীর মতে, কর্মক্ষেত্রে যৌন হেনস্তা মানেই জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন কিংবা শরীরে হাত দেওয়া নয়। অশালীন মন্তব্য, যৌন ইঙ্গিতপূর্ণ কথা বা অনাকাঙ্ক্ষিত আচরণের মাধ্যমেও একজন নারী হেনস্তার শিকার হতে পারেন। অর্থাৎ, শারীরিক স্পর্শ ছাড়াও কারও আচরণ যৌন হেনস্তার পর্যায়ে পড়তে পারে।
তবে পরিচালকের ঠিক কী ধরনের আচরণের মুখোমুখি হয়েছিলেন, সে বিষয়ে বিস্তারিত জানাননি স্বরা। মিটু আন্দোলনের সময় অন্য নারীদের অভিজ্ঞতা শোনার পর নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার গুরুত্ব বুঝতে পারেন তিনি। তখনই উপলব্ধি করেন, সেটিও ছিল যৌন হেনস্তা। এ প্রসঙ্গে তার মন্তব্য, ‘এ তো যৌন হেনস্তা। একেবারে পাঠ্যবইয়ে লেখা যৌন হেনস্তার উদাহরণ!’
স্বরা জানান, ওই সময় অভিনয়জগতে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছিলেন তিনি। বয়সও ছিল কম। নিজের কোনো ব্যক্তিগত টিম ছিল না, ইন্ডাস্ট্রিতেও তেমন পরিচিতি তৈরি হয়নি। এমন কাউকেও পাশে পাননি, যার কাছে সহজে সাহায্য চাইতে পারতেন। গুরুত্বপূর্ণ একটি সিনেমার কাজ ছেড়ে দেওয়ার মতো অবস্থাও ছিল না তার। সব মিলিয়ে নিজেকে অসহায় মনে হয়েছিল।
তবে ওই কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছিলেন সিনেমাটির নির্বাহী প্রযোজক। পুরো ঘটনা তাকে খুলে বলেছিলেন স্বরা। অভিনেত্রীর দাবি, নির্বাহী প্রযোজকের সহযোগিতায় শুটিংয়ের বাকি দিনগুলো তুলনামূলক স্বস্তিতে কাটাতে পেরেছিলেন তিনি।