বিনোদন ডেস্ক
ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনী ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে তেলুগু সিনেমা। এতে উঠে আসবে তাঁর ব্যক্তিগত জীবন, গান্ধী পরিবারের সঙ্গে পথচলা এবং দীর্ঘ রাজনৈতিক জীবনের নানা অধ্যায়। সিনেমাটি নির্মাণের জন্য ইতোমধ্যে ২ কোটি রুপি অনুদানের ঘোষণা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার তেলেঙ্গানার সাঙ্গারেড্ডিতে কংগ্রেস কর্মীদের এক সভায় এ উদ্যোগের কথা জানান তেলেঙ্গানা প্রদেশ কংগ্রেস কমিটির (টিপিসিসি) কার্যকরী সভাপতি জগ্গা রেড্ডি।
সভায় তিনি সাঙ্গারেড্ডি আসনের কংগ্রেস নেতা-কর্মীদের সিনেমা নির্মাণে আর্থিক সহযোগিতার আহ্বান জানান। এ সময় আসনের কংগ্রেস আহ্বায়ক জুলাকান্তি অঞ্জনেয়ুলু প্রকল্পটির জন্য ২ কোটি রুপি অনুদানের প্রতিশ্রুতি দেন।
সিনেমাটির প্রাথমিক নির্মাণকাজ তদারকির জন্য ৫০ সদস্যের একটি কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন জগ্গা রেড্ডি। গান্ধী ভবনের জনসংযোগ কর্মকর্তা হরিপ্রসাদের তত্ত্বাবধানে কাজ করবে এই কমিটি।
জানা গেছে, সিনেমায় সোনিয়া গান্ধীর জীবনের বিভিন্ন পর্যায় তুলে ধরা হবে। ইন্দিরা গান্ধীর পুত্রবধূ, রাজীব গান্ধীর স্ত্রী এবং রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর মা হিসেবে তাঁর জীবনের পাশাপাশি ভারতের রাজনীতিতে প্রতিষ্ঠিত হওয়ার গল্পও স্থান পাবে।
এ ছাড়া ইন্দিরা ও রাজীব গান্ধীর হত্যাকাণ্ডের পর পরিবারের কঠিন সময়, সন্তানদের বড় করে তোলা এবং রাজনৈতিক দায়িত্ব পালনে নানা চ্যালেঞ্জের বিষয়গুলোও সিনেমায় তুলে ধরা হতে পারে।
জগ্গা রেড্ডি বলেন, প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ থাকলেও সোনিয়া গান্ধী সেই পদ গ্রহণ করেননি। ২০০৪ সালে ইউপিএ সরকার গঠনের পরও তিনি মনমোহন সিংকে প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন দিয়েছিলেন। তাঁর এ সিদ্ধান্তকে রাজনৈতিক জীবনের একটি ঐতিহাসিক ঘটনা বলে উল্লেখ করেন তিনি।
সব প্রস্তুতি সম্পন্ন হলে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডি ও টিপিসিসি সভাপতি মহেশ কুমার গৌড়কে আমন্ত্রণ জানিয়ে সিনেমাটির শুটিং উদ্বোধনের পরিকল্পনা রয়েছে বলে জানান জগ্গা রেড্ডি।