বিনোদন ডেস্ক
টালিউডের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলী মানেই দর্শকদের বাড়তি উচ্ছ্বাস। দীর্ঘ প্রতীক্ষার পর মুক্তির অপেক্ষায় থাকা ‘ধুমকেতু’ ছবির ট্রেলার প্রকাশের এক বছর পূর্তি উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ বার্তা দিয়েছেন এই দুই তারকা।
২০১৫ সালে নির্মিত হলেও নানা জটিলতায় দীর্ঘদিন মুক্তি পায়নি ‘ধুমকেতু’। গত বছর কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে জমকালো আয়োজনে ছবিটির ট্রেলার উন্মোচন করা হয়। নাচ, গান ও তারকাদের উপস্থিতিতে আয়োজিত সেই অনুষ্ঠান টালিউডে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
সেই স্মৃতি মনে করে দেব ও শুভশ্রী নিজেদের রোমান্টিক কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। পোস্টে দেব লিখেছেন, “এক বছর আগে বাংলা সিনেমা এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়েছিল। ‘ধুমকেতু’র ট্রেলার লঞ্চ শুধু একটি ইভেন্ট ছিল না, এটি ছিল বাংলা সিনেমার ইতিহাসের অন্যতম বড় আয়োজন। এই অসাধারণ দিনটি সম্ভব করে তোলার জন্য আপনাদের প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।”
ভক্তদের ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও লেখেন, “DeSu জুটির প্রতি আপনাদের ভালোবাসা আজও অটুট। এভাবেই পাশে থাকুন। আপনাদের বিশ্বাস আমরা কখনও ভাঙতে দেব না। প্রতিশ্রুতি রইল, ভবিষ্যতেও নিরাশ করব না।”
একই পোস্ট নিজের সামাজিক যোগাযোগমাধ্যমেও শেয়ার করেছেন শুভশ্রী গাঙ্গুলী।
এদিকে স্মৃতিচারণের পাশাপাশি ভক্তদের জন্য নতুন সুখবরও দিয়েছেন দেব। ‘ধুমকেতু’-এর পর আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন দেব-শুভশ্রী। নতুন ছবি ‘দেশু ৭’-এ অভিনয়ের পাশাপাশি পরিচালনার দায়িত্বও পালন করবেন দেব।
জানা গেছে, ছবিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। ইতোমধ্যে ছবিটির শুটিং শুরু হয়েছে এবং কাজ এগিয়ে চলছে জোরেশোরে।