টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে মাদক মামলায় তিন বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫।
গ্রেপ্তার ব্যক্তির নাম রুবেল মিয়া (২৭)। তিনি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম সাতঘরিয়া পাড়া এলাকার বাসিন্দা।
র্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৫ আগস্ট) দিবাগত রাত ১টা ৫০ মিনিটের দিকে র্যাব-১৫-এর সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি দল টেকনাফ উপজেলার পশ্চিম সাতঘরিয়া পাড়া এলাকায় অভিযান চালিয়ে রুবেল মিয়াকে গ্রেপ্তার করে।
র্যাবের প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, চট্টগ্রামের পটিয়া থানার একটি মাদক মামলায় আদালত রুবেল মিয়াকে তিন বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর থেকে তিনি দীর্ঘদিন আত্মগোপনে থেকে গ্রেপ্তার এড়িয়ে চলছিলেন।
গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল' অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক বুধবার রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।