নিজস্ব প্রতিবেদক
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ভারতে অবস্থানরত আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) নেত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেছেন, “আমরা অপেক্ষা করে আছি। দেশে আসেন, দেখা হবে। ইনশাআল্লাহ, রাজপথে।”
বুধবার (৫ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের চীন-মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের পরিবারের রক্ষণাবেক্ষণ এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করা বর্তমান সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও পবিত্র দায়িত্ব।
তিনি বলেন, “বাংলাদেশ সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো জুলাইতে যারা আত্মাহুতি দিয়েছেন, তাদের পরিবারের দায়িত্ব নেওয়া। যারা আহত হয়েছেন, দৃষ্টিশক্তি বা অঙ্গ হারিয়েছেন, তাদের সুস্থ করে তোলা সরকারের পবিত্র দায়িত্ব।”
অনুষ্ঠানে উপস্থিত সবার উদ্দেশে হাফিজ উদ্দিন আহমদ বলেন, “আপনাদের নির্বাচিত সরকার আমরা। আমাদের ভুল হলে শুধরে দেবেন। আমরা আওয়ামী লীগ হতে পারব না, হতেও চাই না।”
আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, “তাদের কোনো অনুশোচনা নেই। এত অন্যায়, অবিচার, খুন, গুম, মানি লন্ডারিং, নির্যাতন ও আয়নাঘরের মতো ঘটনার পরও তারা কোনো লজ্জাবোধ করে না। আবার বলে, ডিসেম্বরে দেশে ফিরবেন।”
নিজের রাজনৈতিক ও ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, “২৭ বছর বয়সে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলাম। এখন ৮২ বছর বয়সেও বাংলাদেশের জন্য কাজ করে যেতে চাই। দেশের জনগণের শাসন ও গণতন্ত্রকে চিরস্থায়ী করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ১৯৭১ সালে যে বাংলাদেশের জন্য রক্ত দিয়েছি, এ ধরনের বাংলাদেশ দেখার জন্য নয়।”