বিনোদন ডেস্ক
ভারতে চলমান শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানাতে গিয়ে মুম্বাইয়ে পুলিশের হাতে সাময়িকভাবে আটক হয়েছেন ‘ধুরন্ধর’ খ্যাত অভিনেত্রী আয়েশা খান। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, মুম্বাইয়ের দাদার এলাকায় শিক্ষার্থীদের বিক্ষোভে উপস্থিত ছিলেন আয়েশা। পরে সেখান থেকে পুলিশ তাকে আটক করে একটি ভ্যানে তুলে নিয়ে যায়। বিষয়টি অভিনেত্রী নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তার মাধ্যমে জানান।
ভিডিওতে আয়েশা বলেন, “এখনো আমার হাত কাঁপছে। আমি শুধু শান্তভাবে রাস্তায় দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ আমাকে পুলিশের ভ্যানে তুলে আটক করা হয়।”
তিনি দাবি করেন, বিক্ষোভ শুরু করার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা ছিল না। এর আগে তার ভাই ও কয়েকজন বন্ধুকে পুলিশ আটক করেছিল। তাদের খোঁজ নিতে গিয়ে তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
আয়েশার শেয়ার করা ভিডিওতে দেখা যায়, এক যুবক দাবি করছেন যে তার গণিত পরীক্ষা রয়েছে, অথচ কোনো কারণ ছাড়াই তাকে আটক করা হয়েছে। আরেকটি ভিডিওতে আয়েশাকে পুলিশ সদস্যদের জিজ্ঞাসা করতে দেখা যায়, তাদের কোথায় নেওয়া হচ্ছে। তবে এ বিষয়ে কোনো উত্তর দেওয়া হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওতে চারজন নারী পুলিশ সদস্যকে তাকে ভ্যানে তুলতে দেখা যায়।
পরে এক পোস্টে আয়েশা লেখেন, “আমাকে ভ্যানে তুলতে চারজন নারী পুলিশ সদস্য এসেছিলেন। কিন্তু আমি জানতে চাই, কেন? আমি কি কোনো হইচই করেছি? কোনো উসকানিমূলক বক্তব্য দিয়েছি? শুধু রাস্তায় দাঁড়িয়ে থাকার কারণেই কি আমাকে আটক করা হলো? আমি তো পাঁচজনের কোনো দলের মধ্যেও ছিলাম না।”
আটকের পর তাকে মুম্বাইয়ের ওরলি থানায় নেওয়া হয়। সেখানে দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা তার সঙ্গে সহযোগিতাপূর্ণ আচরণ করেছেন বলেও জানান অভিনেত্রী। জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে কী কারণে তাকে আটক করা হয়েছিল, সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট ব্যাখ্যা পাননি বলে জানিয়েছেন আয়েশা।