নিজস্ব প্রতিবেদক
ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ‘স্নাতক’ নিশ্চিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সাথে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ না করায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ২৬ ধারা কেন সংবিধানের সাথে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, তা-ও জানতে চেয়েছেন আদালত।
সুপ্রিম কোর্টের দুই আইনজীবী কাজী ফেরদাউসুল হাসান ও মো. তানভীর আহমেদ খানের দায়ের করা রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। রুলে এলজিআরডি সচিব, আইন সচিব ও প্রধান নির্বাচন কমিশনারকে জবাব দিতে বলা হয়েছে।
রিটকারী আইনজীবী কাজী ফেরদাউসুল হাসান জানান, ইউপি চেয়ারম্যানদের গ্রাম আদালত পরিচালনাসহ নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশাসনিক ক্ষমতা রয়েছে, যেখানে তারা তিন লাখ টাকা মূল্যমানের মামলা পরিচালনা করতে পারেন। সাধারণ আদালতে এ ধরণের বিচারিক ক্ষমতা প্রয়োগের জন্য বিচারকদের স্নাতক সম্পন্ন করে বিজেএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। অথচ স্থানীয় সরকার আইনে চেয়ারম্যানদের জন্য কোনো ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই। এই বৈষম্য ও অসামঞ্জস্য দূর করতেই আইনটির ২৬ ধারা চ্যালেঞ্জ করে চেয়ারম্যান পদের যোগ্যতা ন্যূনতম স্নাতক করার নির্দেশনা চেয়ে রিটটি দায়ের করা হয়।