নিজস্ব প্রতিবেদক
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা-পরবর্তী সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলে দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ডসংলগ্ন ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থলে উপস্থিত এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত জানান, ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ বক্তব্য দেওয়ার সময় সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ ঘটে। তার দাবি, দুর্বৃত্তরা এ হামলা চালিয়েছে।
তিনি জানান, ঘটনার সময় মঞ্চে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এমপি, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। বিস্ফোরণে কয়েকজন আহত হয়েছেন বলে তিনি জানান। তবে আহতদের পরিচয় ও সংখ্যা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনার পর এনসিপির নেতাকর্মীরা সাভার মডেল থানার সামনে অবস্থান নেন এবং হামলার প্রতিবাদে বিক্ষোভ করেন।
উল্লেখ্য, গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে দেশব্যাপী ‘জুলাই পদযাত্রা-২০২৬’ কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর অংশ হিসেবে সাভারে পদযাত্রা ও সমাবেশের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।