নিজস্ব প্রতিবেদক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর পর বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্য। ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান।
বৃহস্পতিবার (১৮ জুন) সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ব্রিটিশ হাইকমিশনার দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাত হোসেন স্বাধীন এ তথ্য জানান।
বৈঠকে সারাহ কুক বর্তমান সরকারের আমলে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়ন খাতে ব্রিটিশ সরকারের সহযোগিতার প্রস্তাবও দেন তিনি।
আলোচনায় দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ এবং বাংলাদেশে ব্রিটিশ বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা নিয়েও কথা হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দেশে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর পর বাংলাদেশের এভিয়েশন খাতে ব্রিটিশ বিনিয়োগের সম্ভাবনা ও আগ্রহের বিষয়টি বিশেষভাবে তুলে ধরেন ব্রিটিশ হাইকমিশনার।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।