রাবি প্রতিনিধি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-০৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদীর ওপর দুর্বৃত্ত হামলার ঘটনায় সুষ্ঠু বিচার ও দুর্বৃত্তদের গ্রেফতারের দাবিতে রাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে। আজ শুক্রবার ( ১২ ডিসেম্বর) শাখা ছাত্রশিবির এ বিক্ষোভ কর্মসূচি পালন করে।
বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে তালাইমারী থেকে পুনরায় ক্যাম্পাসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ কর্মসূচি পালনকালে তারা, 'হাদীর ওপর হামলা কেন, ইন্টেরিম জবাব দে 'চব্বিশের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার, হাদী ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না 'আবু সাঈদের একশান, ডাইরেক একশান ', ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ এসব স্লোগান দেন।
এসময় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল মুজাহিদ ফয়সাল বাবু বলেন, চব্বিশের জুলাই আন্দোলকারী অনেকেই দুর্নীতির সাথে জড়িয়ে গেলেও ওসমান হাদী কখনো আপস করেনি। ওসমান হাদী সবসময় ভারতীয় আধিপত্য ও মুজিববাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন।
এসময় হামলায় জড়িতদের নিয়ে তিনি বলেন, ওসমান হাদীর ওপর হামলার পেছনে ভারতীয় আধিপত্যকারী ও মুজিববাদ জড়িত। এদের দ্রুত শাস্তির আওতায় আনতে হবে।
কর্মসূচিতে সংহতি প্রকাশ করে রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার একদিন যেতে না যেতেই একজন স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলা হয়েছে। এ থেকে বোঝা যায় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড কতটা বজায় থাকবে।
তিনি অন্তবর্তীকালীন সরকারে হুশিয়ারি দিয়ে বলেন, নির্বাচন ১২ তারিখে নিশ্চিত করেছেন যেমন তেমনি নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড টাও নিশ্চিত করুন। হাদীর ওপর হামলাকারী দুর্বৃত্তদের অতি দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
উল্লেখ্য, আজ জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরে বক্স কালভার্ট রোডে শরীফ ওসমান হাদীর ওপর দুর্বৃত্ত হামলার ঘটনা ঘটে। পরবর্তীতে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তিনি এখন হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আছে।