ক্রীড়া প্রতিবেদক
বর্ণিল সাজসজ্জা, জমকালো আয়োজন আর তারকাদের উপস্থিতিতে উৎসবের আমেজ বিরাজ করছে এবিজি স্পোর্টস সিটিতে। দেশের গণমাধ্যমকর্মীদের নিয়ে আয়োজিত ‘এবিজি মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ ঘিরে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে বাড়ছে উচ্ছ্বাস ও উত্তেজনা। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, এরপরই ট্রফি ও জার্সি উন্মোচনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে টুর্নামেন্টের যাত্রা।
শনিবার বিকেল ৩টায় এবিজি স্পোর্টস সিটির জুলকান ইনডোরে অনুষ্ঠিত হবে ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠান। এ উপলক্ষে ইতোমধ্যে সম্পন্ন হয়েছে সব প্রস্তুতি। সাজানো হয়েছে অনুষ্ঠানস্থল, তৈরি করা হয়েছে অংশগ্রহণকারী দলগুলোর জার্সি উন্মোচনের মঞ্চ। আয়োজনে দেশের ক্রীড়াঙ্গনের পরিচিত ব্যক্তিত্ব, তারকা ও বিনোদনজগতের শিল্পীদের উপস্থিত থাকার কথা রয়েছে।
আগামী ১ ডিসেম্বর মাঠে গড়াবে টুর্নামেন্টের মূল প্রতিযোগিতা। এতে অংশ নেবে দেশের শীর্ষস্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যম এবং রেডিও স্টেশনের দলগুলো। আয়োজকদের দাবি, দেশের ইতিহাসে প্রথমবারের মতো এত বড় পরিসরে বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানের সাংবাদিকদের নিয়ে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে।
সংবাদ সংগ্রহ, সম্পাদনা ও সম্প্রচারের ব্যস্ততায় সাংবাদিকদের প্রতিদিনের কর্মজীবন কাটে। পেশাগত ব্যস্ততার বাইরে তাদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। পাশাপাশি গণমাধ্যমকর্মীদের সুস্থ বিনোদন ও ক্রীড়াচর্চায় উৎসাহিত করতেও উদ্যোগটি নেওয়া হয়েছে।
আজকের অনুষ্ঠানে অংশগ্রহণকারী দলগুলোর অধিনায়কদের দুপুর ১টার মধ্যে উপস্থিত থাকতে বলা হয়েছে। তাদের নিয়ে জার্সি উন্মোচন ও ফ্যাশন শোর মহড়া অনুষ্ঠিত হবে। অধিনায়কদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থাও রাখা হয়েছে। অনুষ্ঠানে প্রতিটি অংশগ্রহণকারী গণমাধ্যম প্রতিষ্ঠানের সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক অথবা ক্রীড়া সম্পাদককে আমন্ত্রণ জানানো হয়েছে।
ট্রফি ও জার্সি উন্মোচনের পাশাপাশি অনুষ্ঠানে টুর্নামেন্টের প্রাইজমানি ঘোষণা করা হবে। এ নিয়ে অংশগ্রহণকারী দল ও গণমাধ্যমকর্মীদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল। এ ছাড়া টুর্নামেন্টের প্রচারণায় যুক্ত কনটেন্ট ক্রিয়েটর ও ইউটিউবারদের জন্যও থাকছে বিশেষ পুরস্কার। সর্বোচ্চ ভিউ পাওয়া কনটেন্টের নির্মাতাকে দেওয়া হবে তিন লাখ টাকা।
প্রচার-প্রচারণায় আলোকচিত্রী ও ফ্রিল্যান্সারদেরও সম্পৃক্ত করা হচ্ছে। তাদের তোলা ছবি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে টুর্নামেন্টের প্রচার বাড়াতে রয়েছে বিশেষ পরিকল্পনা।
গ্রুপ পর্ব ও নকআউট পর্বের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ শেষে অনুষ্ঠিত হবে ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আয়োজকদের প্রত্যাশা, মাঠের প্রতিযোগিতার পাশাপাশি এ আয়োজন গণমাধ্যমকর্মীদের মধ্যে নতুন বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করবে।
সব মিলিয়ে মূল প্রতিযোগিতা শুরুর আগেই এবিজি মিডিয়া কাপ ঘিরে তৈরি হয়েছে উৎসবের আবহ। আজকের ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠান সেই আয়োজনকে আনুষ্ঠানিক রূপ দিতে যাচ্ছে।