স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের আগে বড় ধাক্কা খেল ফ্রান্স। প্যারাগুয়ের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে মাইকেল ওলিসেকে দেখানো হলুদ কার্ড বাতিলের আবেদন নাকচ করে দিয়েছে ফিফা। ফলে মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে আরেকটি হলুদ কার্ড দেখলে সম্ভাব্য সেমিফাইনালে খেলতে পারবেন না এই ফরাসি উইঙ্গার।
বুধবার (৮ জুলাই) ফক্সবরোতে সংবাদ সম্মেলনে ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, "হলুদ কার্ডের সিদ্ধান্ত পরিবর্তন হয়নি। আজ সকালে ফিফা আমাদের জানিয়েছে, কার্ডটি বহাল রাখা হয়েছে।"
ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচের শেষ দিকে প্যারাগুয়ের মাতিয়াস গালারসার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে হলুদ কার্ড দেখেন বায়ার্ন মিউনিখ তারকা মাইকেল ওলিসে। টেলিভিশন রিপ্লেতে দেখা যায়, দুই খেলোয়াড়ের মধ্যে উল্লেখযোগ্য কোনো শারীরিক সংস্পর্শ হয়নি। ওলিসে প্রতিপক্ষকে চুপ থাকার ইঙ্গিত দিলে গালারসা মাটিতে পড়ে মুখে আঘাতের অভিযোগ করেন। এরপরই রেফারি ওলিসেকে হলুদ কার্ড দেখান।
ওলিসে ছাড়াও একই ম্যাচে হলুদ কার্ড দেখেছেন ফ্রান্সের ব্র্যাডলি বারকোলা ও মানু কোনো। মরক্কোর বিপক্ষে তারাও আরেকটি হলুদ কার্ড দেখলে সম্ভাব্য সেমিফাইনাল থেকে ছিটকে পড়বেন।
এদিকে উরুর চোট কাটিয়ে দলে ফেরার পথে রয়েছেন মিডফিল্ডার অরেলিয়েন চুয়ামেনি। শেষ ষোলোর ম্যাচে খেলতে না পারা এই তারকাকে নিয়ে দেশম বলেন, "চুয়ামেনি আগের চেয়ে ভালো আছে। আজ অনুশীলনে অংশ নিতে পারে, তবে সেটি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। দলের বাকি সবাই প্রস্তুত রয়েছে।"
মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচ পরিচালনা করবেন আর্জেন্টিনার রেফারি ফাকুন্দো তেলো। তবে রেফারিং নিয়ে কোনো বিতর্কে যেতে চান না দেশম।
তার ভাষ্য, "রেফারি নিয়োগ নিয়ে আমার কিছু করার নেই। আমি শুধু তাদের ওপর আস্থা রাখতে চাই। আশা করি মি. তেলো ও তার সহকারীরা দায়িত্ব যথাযথভাবে পালন করবেন। রেফারির সিদ্ধান্ত নিয়ে বিতর্ক হতে পারে, কিন্তু আমাদের প্রতিপক্ষ মরক্কো। রেফারিকে আমি কখনোই প্রতিপক্ষ হিসেবে দেখি না।"
উল্লেখ্য, ২০১৮ সালে ফ্রান্সকে বিশ্বকাপ জেতানো দিদিয়ের দেশম আগেই ঘোষণা দিয়েছেন, চলতি বিশ্বকাপ শেষেই জাতীয় দলের প্রধান কোচ হিসেবে তার ১৪ বছরের দায়িত্বের ইতি টানবেন। ফলে মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স বিদায় নিলে সেটিই হবে জাতীয় দলের ডাগআউটে দেশমের শেষ ম্যাচ। তবে বিদায়ের আবেগ নয়, গুরুত্বপূর্ণ এই লড়াইয়েই পুরো মনোযোগ রাখছেন অভিজ্ঞ এই কোচ।