টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
সাধারণত চৈত্র মাসের শেষ দিকে কিংবা গ্রীষ্মের শুরুতে বাজারে আসে কাঁচা আম। তবে এবার মৌসুমের প্রায় চার মাস আগেই অগ্রহায়ণ মাসের শুরুতে কক্সবাজারের টেকনাফের বিভিন্ন হাটবাজারে বিক্রি হচ্ছে কাঁচা আম। আগাম উৎপাদিত এসব আমের দাম প্রতি কেজি ৬০০ থেকে ৮০০ টাকা। অসময়ে আমের দেখা পেয়ে ক্রেতাদের মধ্যে কৌতূহল তৈরি হলেও চড়া দামের কারণে অনেকেই কিনছেন সীমিত পরিমাণে।
গত সোমবার রাতে টেকনাফ বাসস্ট্যান্ড এলাকায় সড়কের পাশের ফুটপাতে কাঁচা আম বিক্রি করতে দেখা যায় নুরুল হোসেনকে। ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে আমগুলো সুতা দিয়ে বেঁধে ঝুলিয়ে রেখেছেন তিনি। পাশাপাশি সারি করে সাজিয়ে রেখেছেন বিক্রির জন্য। কেউ দাম শুনে এক-দুটি আম কিনছেন, আবার কেউ চড়া দামের কারণে ফিরে যাচ্ছেন।
বিক্রেতা নুরুল হোসেন বলেন, টেকনাফের বিভিন্ন গ্রাম থেকে আগাম উৎপাদিত আম কিনে এনে বাজারে বিক্রি করেন তিনি। এবার প্রতি কেজি কাঁচা আম ৬০০ থেকে ৮০০ টাকায় বিক্রি করছেন। মৌসুমের আগেই বাজারে আসায় এসব আমের প্রতি ক্রেতাদের আগ্রহ রয়েছে।
তাঁর কাছ থেকে আম কিনছিলেন মোহাম্মদ আলী। তিনি বলেন, ‘অগ্রহায়ণ মাসে সাধারণত আম বাজারে আসার কথা নয়। আমার বাড়ির আশপাশের গাছগুলোতেও এখনো মুকুল দেখা যায়নি। অথচ বাজারে কাঁচা আম পাওয়া যাচ্ছে। আগাম ফল হিসেবে দাম বেশি হলেও ৮০০ টাকা দিয়ে এক কেজি আম কিনেছি।’
নুরুল হোসেনের কাছে আম সরবরাহকারী বাগানমালিক মো. হাবিবুর রহমান জানান, প্রায় ২৪ বছর আগে মিয়ানমারের মংডুতে মামার বাড়িতে বেড়াতে গিয়ে পাহাড়ের পাদদেশে একটি আমবাগান দেখে আম চাষে আগ্রহী হন তিনি। সেখান থেকে পাকা আম এনে মিয়ানমারের বাগানমালিকদের পরামর্শে টেকনাফে প্রায় ২০০টি আমের চারা রোপণ করেন। নিয়মিত পরিচর্যার ফলে কয়েক বছরের মধ্যেই অধিকাংশ গাছে ফল ধরতে শুরু করে।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, মেরিন ড্রাইভ-সংলগ্ন শাহপরীর দ্বীপ, পল্লানপাড়া, মিঠাপানির ছড়া, বড় ডেইল, বাইন্যাপাড়া ও নোয়াখালিয়াপাড়ায় কয়েক বছর ধরে আগাম আমের ফলন হচ্ছে। এসব এলাকার বাগানের আম স্থানীয় হাটবাজারে বিক্রি হচ্ছে।
উপসহকারী কৃষি কর্মকর্তা মো. শফিউল আলম কুতুবী বলেন, সাধারণত চৈত্র মাসের শেষ দিকে কিংবা গ্রীষ্মের শুরুতে কাঁচা আম বাজারে আসে। তবে এবার অগ্রহায়ণ মাসেই বাজারে আম পাওয়া যাচ্ছে। আবহাওয়াসহ বিভিন্ন কারণে আগাম ফলন হচ্ছে। বিষয়টি চাষিদের উৎসাহিত করছে। অসময়ে আম বাজারে আসায় অনেকেই কৌতূহলবশত ছবি তুলছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তা প্রকাশ করছেন।
টেকনাফ উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, কিছু বারোমাসি আমের জাত রয়েছে, যেগুলোতে বছরে তিনবার পর্যন্ত ফলন হয়। তবে টেকনাফের এসব গাছে বছরে তিনবার ফলন হচ্ছে না। একবারই ফলন হচ্ছে, সেটিও স্বাভাবিক মৌসুমের অনেক আগে। সাধারণত চৈত্র মাসে পাওয়া আম এবার অগ্রহায়ণেই বাজারে এসেছে।
তিনি আরও বলেন, গবেষণার মাধ্যমে এসব আগাম ফলনশীল আমগাছের বৈশিষ্ট্য ও উপযোগিতা নিরূপণ করে দেশের বিভিন্ন স্থানে বাণিজ্যিকভাবে চাষাবাদের উদ্যোগ নেওয়া গেলে কৃষকেরা অর্থনৈতিকভাবে লাভবান হতে পারেন।