টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে শুরু হয়েছে নতুন লবণ মৌসুমের প্রস্তুতি। কোথাও মাঠের মাটি সমান করা হচ্ছে, কোথাও মেরামত করা হচ্ছে বাঁধ, আবার কোথাও তৈরি করা হচ্ছে পানি চলাচলের নালা। নতুন মৌসুম সামনে রেখে লবণ উৎপাদনে ব্যস্ত সময় পার করছেন চাষিরা।
১৫ নভেম্বর থেকে ১৫ এপ্রিল পর্যন্ত চলবে চলতি মৌসুমের লবণ উৎপাদন। তবে মৌসুম শুরুর আগেই দেড় লাখ টন অপরিশোধিত লবণ আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সম্ভাব্য ঘাটতির আশঙ্কায় এ আমদানির সুপারিশ করা হয়েছিল বলে জানিয়েছেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) কর্মকর্তারা।
সরকারের এ সিদ্ধান্তে ক্ষুব্ধ লবণচাষিরা। তাঁদের দাবি, দেশে বর্তমানে লবণের কোনো ঘাটতি নেই। দীর্ঘদিন লোকসান গুনে চাষিরা যখন কিছুটা লাভের মুখ দেখতে শুরু করেছেন, তখনই আমদানির অনুমতি দেওয়া হয়েছে। যদিও এখন পর্যন্ত কোনো লবণ আমদানি করা হয়নি।
চাষিদের প্রস্তুতি দেখে বোঝা যাচ্ছে, নতুন মৌসুমের উৎপাদন শুরু হতে আর বেশি দেরি নেই। আবহাওয়া অনুকূলে থাকলে নভেম্বরের মাঝামাঝি থেকেই কোথাও কোথাও লবণ উৎপাদন শুরু হবে। তবে এ সময়ে আমদানি করা হলে গত মৌসুমের লোকসান কাটিয়ে ওঠার সম্ভাবনাও বাধাগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করছেন চাষিরা।
বিসিকের তথ্য অনুযায়ী, ১৫ নভেম্বর থেকে ১৫ এপ্রিল পর্যন্ত পাঁচ মাস কক্সবাজারের টেকনাফ, সদর, কুতুবদিয়া, মহেশখালী, চকরিয়া, পেকুয়া ও ঈদগাঁও এবং চট্টগ্রামের বাঁশখালীতে লবণ উৎপাদন হবে।
২০২৬-২৭ অর্থবছরে দেশে পরিশোধিত লবণের মোট চাহিদা ধরা হয়েছে ২১ লাখ টন। এর মধ্যে ভোজ্য লবণের চাহিদা সাড়ে ৭ লাখ টন, শিল্প খাতে সাড়ে ৯ লাখ টন, মৎস্য খাতে ৩৭ হাজার টন এবং প্রাণিসম্পদ খাতে ৩ লাখ ৬ হাজার টন। সাধারণত নভেম্বর থেকে মে পর্যন্ত দেশে লবণ উৎপাদনের মৌসুম চলে।
বিসিক কর্মকর্তারা জানান, গত মৌসুমে লবণ উৎপাদন কিছুটা কম হয়েছিল। নতুন মৌসুমের শুরুতেও উৎপাদন তুলনামূলক কম থাকতে পারে। গত বছরের অভিজ্ঞতা বিবেচনায় ২০ থেকে ২৫ দিনের সম্ভাব্য ঘাটতির আশঙ্কা থেকেই আমদানির সুপারিশ করা হয়েছে।
মাঠ প্রস্তুত, উৎপাদনের অপেক্ষায় চাষিরা
টেকনাফের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, নতুন মৌসুমের জন্য জমি প্রস্তুত করছেন চাষিরা। যেসব চিংড়িঘেরে এত দিন পানি ছিল, সেগুলো শুকিয়ে লবণ উৎপাদনের উপযোগী করা হচ্ছে।
লবণচাষি মোহাম্মদ হাসানসহ কয়েকজন জানান, নভেম্বরের মাঝামাঝি উৎপাদন শুরু হলেও প্রথম দিকে লবণের পরিমাণ খুব বেশি হয় না। রোদের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে উৎপাদন বাড়তে থাকে। ডিসেম্বর থেকে মাঠে লবণের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়ে।
সাবরাং লবণচাষি কল্যাণ পরিষদ ও ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ শফিক মিয়া বলেন, গত মৌসুমে প্রতি মণ লবণ উৎপাদনে খরচ হয়েছে ৩২০ থেকে ৩৩০ টাকা। মৌসুমের শুরুতে ৪০ থেকে ৮০ টাকা পর্যন্ত লোকসান দিয়ে লবণ বিক্রি করতে হয়েছে। পরে দাম বাড়ায় বর্তমানে প্রতি মণ লবণ প্রায় ৪০০ থেকে ৪১০ টাকায় বিক্রি হচ্ছে।
তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী স্থানীয় চাষাদের প্রতিকেজি ১৫ টাকার কথা বলছেন, সেটি ঠিক থাকলে প্রতিমণ লবণে মূল্য দাঁড়ায় ৬০০টাকা।’
শফিক মিয়া আরও বলেন, চাষিরা যখন কিছুটা ভালো দাম পাচ্ছেন, তখন আমদানি করা হলে বাজারদর আবার কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে লবণ চাষে কৃষকদের আগ্রহ কমে যেতে পারে।
‘লবণ আমদানি চাষিদের ওপর জুলুম’
কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেন, ‘ইন্ডাস্ট্রিয়াল লবণ’ বলে আলাদা কোনো লবণ নেই, লবণ একটাই। কিছুদিনের মধ্যেই দেশে নতুন লবণের মৌসুম শুরু হবে। মাঠে ও বিভিন্ন ইন্ডাস্ট্রিতে পর্যাপ্ত লবণ মজুত রয়েছে। এ অবস্থায় লবণ আমদানি করা হলে চাষিরাই ক্ষতিগ্রস্ত হবেন। এ অবস্থায় লবণ আমদানি করা মানে আমাদের চাষিদের ওপর জুলুম করা। আমি বাণিজ্য মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের বিরোধিতা করছি।’
বিসিক টেকনাফের পরিদর্শক মিজানুর রহমান বলেন, ২০২৫-২৬ লবণ মৌসুমে টেকনাফে ৪ হাজার ৫৫০ একর জমিতে লবণ উৎপাদন হয়েছে। চলতি মৌসুম এখনো আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি। তবে চাষিরা মাঠে নেমেছেন। আশা করা যাচ্ছে, কিছুদিনের মধ্যেই উৎপাদন শুরু হবে।
তিনি জানান, আবহাওয়া অনুকূলে থাকলে ২০২৬-২৭ মৌসুমে তুলনামূলক ভালো উৎপাদনের সম্ভাবনা রয়েছে। বর্তমানে প্রতি মণ লবণ ৪০০ থেকে ৪১০ টাকায় বিক্রি হচ্ছে। চলতি মৌসুমে উৎপাদনের লক্ষ্যমাত্রা ২৫ দশমিক ৩৯ মেট্রিক টন বলে তিনি উল্লেখ করেন।
বাংলাদেশ লবণ মিলমালিক সমিতির সভাপতি নুরুল কবির বলেন, সংগঠন পরিচালনা করতে গেলে বৈষম্য করা যায় না। সম্ভাব্য সংকটের ঝুঁকি এড়াতেই সরকার লবণ আমদানির অনুমতি দিয়েছে। তবে এখন পর্যন্ত কোনো লবণ আমদানি করা হয়নি।
লবণাক্ত জমিতে ধান চাষেও আগ্রহ বাড়ছে
এদিকে টেকনাফের লবণাক্ত জমিতে ধান চাষেও আগ্রহ বাড়ছে কৃষকদের। উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, চলতি বছর বৃষ্টিপাত সহনীয় মাত্রায় থাকায় এবং কৃষি উপকরণ সহজলভ্য হওয়ায় ধানের বাম্পার ফলন হয়েছে। লবণাক্ত জমিতেও ধান চাষের সাফল্য কৃষকদের আগ্রহ বাড়িয়েছে।
তিনি জানান, উপজেলার হোয়াইক্যংয়ে ৫০ হেক্টর, হ্নীলায় ৯০ হেক্টর, টেকনাফ সদরে ১৫ হেক্টর, সাবরাংয়ে ৪৫ হেক্টর এবং বাহারছড়ায় ২ হেক্টর জমিতে ধান চাষ হচ্ছে। সব মিলিয়ে ২০২ হেক্টর বা প্রায় ৪৯৯ একর জমিতে চাষাবাদ করা হয়েছে।
এসব জমিতে ব্রি ধান-৩৩, ব্রি ধান-৭৫, ব্রি ধান-৪৯, বিনা-৭, বিন্নি ও পাইজাম জাতের ধান চাষ করা হয়েছে।
কৃষি কর্মকর্তা আরও বলেন, চলতি বছর লবণাক্ত জমিতে এসব স্বল্পমেয়াদি জাতের ধান চাষে ভালো ফলন পাওয়া গেছে। হঠাৎ কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে প্রতি কানি জমিতে প্রায় ১০০ আড়ি বা তারও বেশি ধান উৎপাদন হতে পারে।
তিনি বলেন, খাদ্য উৎপাদন বাড়াতে উপজেলার পরিত্যক্ত লবণাক্ত জমিতে মৌসুম অনুযায়ী ধান ও লবণ চাষের উদ্যোগ নেওয়া প্রয়োজন। এতে জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হওয়ার পাশাপাশি কৃষকদের আয়ও বাড়বে।