স্টাফ করেসপন্ডেন্ট
শতভাগ রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগদান করেছেন মোঃ নূরুল হুদা। সোমবার (১৬ নভেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী তিন বছরের জন্য তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
বেসিক ব্যাংকের নতুন এমডি হিসেবে দায়িত্ব গ্রহণের আগে মোঃ নূরুল হুদা জনতা ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এর ডিএমডি এবং আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
আইসিবিতে দায়িত্ব পালনকালে তিনি পোর্টফোলিও ম্যানেজমেন্ট কমিটি, ট্রাস্টি কমিটি ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির প্রধান হিসেবে কাজ করেন। এ ছাড়া প্রতিষ্ঠানটির চিফ অ্যান্টি-মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার (সিএএমএলসিও) হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
১৯৯৬ সালে অগ্রণী ব্যাংক পিএলসির সিনিয়র অফিসার হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন মোঃ নূরুল হুদা। দীর্ঘ কর্মজীবনে তিনি ব্যাংকটির মহাব্যবস্থাপক হিসেবে খুলনা ও বরিশাল সার্কেলের প্রধান ছিলেন। এ ছাড়া রিস্ক ম্যানেজমেন্ট, ট্রেজারি, ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট, প্রধান শাখা ও ফরেন এক্সচেঞ্জ করপোরেট শাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স ও ব্যাংকিং বিষয়ে স্নাতক (সম্মান) এবং ব্যাংকিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিষয়ে এক্সিকিউটিভ এমবিএ (ইএমবিএ) ডিগ্রিও লাভ করেন। তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (আইবিবি)-এর একজন ডিপ্লোমেড অ্যাসোসিয়েট।
ব্যাংকিং খাতে ব্যবস্থাপনা, ঝুঁকি ব্যবস্থাপনা, ট্রেজারি, ঋণ ও বিনিয়োগ ব্যবস্থাপনায় তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি দেশে-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ ও সেমিনারে অংশগ্রহণ করেছেন।
১৯৭২ সালে পিরোজপুর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মোঃ নূরুল হুদা।