লালমোহন (ভোলা) প্রতিনিধি
ভোলার লালমোহনে সরকারি গাছ কাটার ঘটনায় দল থেকে বহিষ্কৃত হওয়া রমাগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি মো. জসিম মাস্টারের নেতৃত্বে মিছিল ও প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
বুধবার রায়চাঁদ বাজারে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাঞ্চন মিয়ার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল হয়। স্থানীয়দের অভিযোগ, মিছিলে নেতৃত্ব দেন জসিম মাস্টার এবং শেষে তিনি বক্তব্যও দেন।
স্থানীয় বিএনপি কর্মীদের দাবি, বহিষ্কারের সময় দলের কোনো পর্যায়ের নেতা-কর্মীর তাঁর সঙ্গে সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশনা ছিল। সেই নির্দেশনা সত্ত্বেও প্রকাশ্যে কর্মসূচিতে নেতৃত্ব দেওয়ায় তৃণমূলে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
মিছিল শেষে বক্তব্যের একপর্যায়ে বিএনপির নেতাকে উদ্দেশ্য করে তিনি হুমকি দিয়েছেন বলেও অভিযোগ উঠেছে। উপস্থিত কয়েকজন জানান, তিনি বলেন, “তুই আমার জুনিয়র, তুই কোথায় পড়াশোনা করেছিস তা আমার জানা আছে। খুব দ্রুত দল থেকে পদত্যাগ করবি, না করলে তোর খবর আছে।”
এসময় আরো উপস্থিত ছিলেন,উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি লোকমান, ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব নাহিদ শাহ ও হৃদয় হাওলাদার ।
এ ঘটনায় এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ও তৃণমূল কর্মীরা দলীয় হাইকমান্ডের হস্তক্ষেপ ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।