নিজস্ব প্রতিবেদক
গাজীপুরে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে গুলিভর্তি পিস্তল হারিয়েছেন মহানগর পুলিশের বাসন থানার এক সহকারী উপপরিদর্শক (এএসআই)। হারানো অস্ত্রটি উদ্ধারে সহায়তা করতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ।
হারানো পিস্তলটির মালিক এএসআই পারভেজ মল্লিক। গত শনিবার (৩১ অক্টোবর) বিকেলে দায়িত্ব পালনকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে ওসি হারুনুর রশিদ অস্ত্র হারানোর বিষয়টি নিশ্চিত করেন।
এএসআই পারভেজ মল্লিক জানান, শনিবার বিকেলে দায়িত্ব পালনকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে উনিশে টাওয়ারের উত্তর দিকে অভিযান চালিয়ে মদসহ দুই ব্যক্তিকে আটক করেন তাঁরা। পরে আটক ব্যক্তিদের গাড়িতে তোলার সময় ধস্তাধস্তির ঘটনা ঘটে। ওই সময় তাঁর সঙ্গে পিস্তলটি ছিল বলে দাবি করেন তিনি।
পারভেজ মল্লিক আরও জানান, আটক ব্যক্তিদের নিয়ে থানায় ফেরার পর তিনি বুঝতে পারেন, তাঁর পিস্তলটি সঙ্গে নেই। তবে কোথায় বা কীভাবে অস্ত্রটি হারিয়েছে, তা নিশ্চিত হতে পারেননি।
তিনি বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। অভিযানের সময় পুলিশের অন্য সদস্যরাও তাঁর সঙ্গে ছিলেন। তিনি হোন্ডা মোবাইল-২-এর দায়িত্বে ছিলেন এবং নিয়ম মেনেই দায়িত্ব পালন করতে গিয়েছিলেন। হারানো পিস্তলটিতে এক রাউন্ড গুলি ছিল।
বাসন থানার ওসি হারুনুর রশিদ বলেন, ‘মাদকের আসামি ধরতে গিয়ে আমাদের এক এএসআইয়ের অস্ত্র হারিয়ে গেছে। এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে। কেউ হারানো অস্ত্রটির সন্ধান দিতে পারলে অথবা উদ্ধারে সহায়তা করলে তাঁকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।’