নরসিংদী প্রতিনিধি
নরসিংদী শহরতলির ঘোড়াদিয়া গ্রামের একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালিয়ে অস্ত্র, গুলি, মাদক ও নগদ ১০ লাখ ৭১ হাজার টাকা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোররাত থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-১১-এর নরসিংদী ক্যাম্পের ভারপ্রাপ্ত ইনচার্জ সহকারী পুলিশ সুপার আল মাসুদ খান জানান, অভিযানে একটি বিদেশি রিভলবার, একটি দেশীয় পাইপগান, বিভিন্ন ধরনের ৬১ রাউন্ড গুলি, ছয়টি ব্ল্যাংক কার্তুজ, নয়টি চাপাতি ও ছোরা, ৭৫ বোতল স্কাফ সিরাপ এবং নগদ ১০ লাখ ৭১ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে এসব অস্ত্র, মাদক ও অর্থ পরিত্যক্ত ঘরটিতে মজুত করা হয়েছিল।
এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তদন্ত চলছে বলে জানিয়েছে এসআরবি-১১।