চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
ভোলার চরফ্যাশনে সিএনজি অটোরিকশা ও অটোটেম্পু শ্রমিকদের মধ্যে পরিচয়পত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৪টায় চরফ্যাশন পৌরসভার শরীফপাড়ায় চরফ্যাশন উপজেলা সিএনজি অটোরিকশা অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনটির গভর্নমেন্ট রেজিস্ট্রেশন নম্বর বরিশাল-১০২।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা সেক্রেটারি ও চরফ্যাশন উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী কাজী মাওলানা হারুনুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ভোলা জেলা সভাপতি ইসমাইল হোসেন মনির, বাংলাদেশ জামায়াতে ইসলামী চরফ্যাশন উপজেলা আমির ও পৌর মেয়র পদপ্রার্থী অধ্যক্ষ মীর শরীফ হোসাইন, উপজেলা সেক্রেটারি মাওলানা আবুল কাশেম এবং সহকারী সেক্রেটারি ও চরফ্যাশন আদালতের আইনজীবী অ্যাডভোকেট এনামুল হক রায়হান।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চরফ্যাশন উপজেলা সভাপতি প্রভাষক বাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনটির উপজেলা সেক্রেটারি মাস্টার মোহাম্মদ শামসুদ্দীন।
এ সময় চরফ্যাশন উপজেলা পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. নজরুল ইসলাম, সেক্রেটারি মো. নুরে আলমসহ বিভিন্ন পর্যায়ের শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে কাজী মাওলানা হারুনুর রশিদ বলেন, চরফ্যাশন থেকে ভোলা পর্যন্ত কোথাও পৌর টোল আদায় করা হলে কিংবা বিনা কারণে শ্রমিকদের হয়রানি করা হলে শ্রমিক ইউনিয়নকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে সব সময় সোচ্চার থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে ইসমাইল হোসেন মনির বলেন, পরিবহন শ্রমিকেরা দেশের অর্থনীতি ও যোগাযোগব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। তাঁদের শ্রম ও অবদানকে যথাযথ মূল্যায়ন করতে হবে। শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং যেকোনো অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অধ্যক্ষ মীর শরীফ হোসাইন বলেন, পরিচয়পত্র বহনকারী কোনো শ্রমিককে চাঁদাবাজ বা প্রশাসনের কোনো ব্যক্তি বিনা কারণে হয়রানি করলে তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হবে। শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
পরিচয়পত্র বিতরণের মাধ্যমে শ্রমিকদের সাংগঠনিক পরিচয় নিশ্চিত করা এবং তাঁদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।