লালমোহন (ভোলা) প্রতিনিধি
ভোলার লালমোহনে ২ হাজার ২১৮ কৃষকের হাতে কৃষক কার্ড তুলে দেওয়ার মধ্য দিয়ে ‘কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ-২০২৬’ কর্মসূচি শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
‘করব কাজ, গড়ব দেশ—সবার আগে বাংলাদেশ’ এবং ‘করব কাজ, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ’ স্লোগানে কৃষি মন্ত্রণালয়ের বাস্তবায়নে এ কর্মসূচির আয়োজন করা হয়। লালমোহন উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার (১ অক্টোবর) উপজেলা অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কর্মসূচির আওতায় কৃষক কার্ডের পাশাপাশি কৃষি উপকরণ সহায়তাও বিতরণ করা হচ্ছে। কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর, জলবায়ুসহিষ্ণু ও টেকসই কৃষি ব্যবস্থার সঙ্গে যুক্ত করা এবং তাঁদের আর্থ-সামাজিক মর্যাদা ও জীবনমান উন্নয়নের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের তিনটি ওয়ার্ডের ২ হাজার ২১৮ জন কৃষকের মধ্যে কৃষক কার্ড বিতরণ করা হয়। পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডের কৃষকদের এ কর্মসূচির আওতায় আনা হবে।
লালমোহন উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, বরিশাল বিভাগীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. আবুল কালাম আজাদ, ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান, ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক খাইরুল ইসলাম মল্লিক, ট্রেনিং অফিসার ড. শামীম আহমেদ, লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিন সাদেক, সহকারী কমিশনার (ভূমি) মো. রেজওয়ানুল হক এবং উপজেলা কৃষি কর্মকর্তা শাহ মো. আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ্ব ছাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, কৃষক এবং বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।