লালমোহন (ভোলা) প্রতিনিধি
ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নে বিজিএফ তালিকা থেকে প্রকৃত জেলেদের নাম কর্তনের প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করেছে ইউনিয়নের মৎস্যজীবীরা।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় ফরাজী বাজার কালমা ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কালমা ইউনিয়ন মৎস্যজীবী দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বাদ পড়া জেলেদের নাম পুনর্বহাল এবং জেলে কার্ড ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়।
আয়োজকদের অভিযোগ, কালমা ইউনিয়ন বিএনপির সভাপতি ও অঙ্গ সহযোগী সংগঠন এমনকি কালমা ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি মো. মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক মিজান মাতব্বরকে সম্পৃক্ত না করেই নতুন বিজিএফ তালিকা তৈরি করা হয়েছে। তাদের দাবি, নতুন তালিকা তৈরির প্রক্রিয়ায় প্রকৃত অনেক জেলে বাদ পড়েছে প্রকৃত জেলেদের পুনরায় বহাল রাখার দাবী আয়োজকদের।
এ সময় মৎস্যজীবী দলে ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ করে প্রকৃত জেলেদের নাম পুনরায় তালিকাভুক্ত ও জেলে কার্ড ফিরিয়ে দেওয়ার দাবি জানান।