নিজস্ব প্রতিবেদক
বিএনপি সরকার গুমের ঘটনার সঠিক তদন্ত চায় না বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘বিএনপি সরকার কর্তৃক মানবাধিকার লঙ্ঘনমূলক আইন পাস, বিরোধী মত দমন এবং নাগরিকের মৌলিক অধিকার হরণের প্রতিবাদে’ আয়োজিত মানববন্ধনে তিনি এ অভিযোগ করেন।
নাহিদ ইসলাম বলেন, ‘গুমের জন্য বারবার বিএনপি আন্তর্জাতিক তদন্ত চেয়েছে, কিন্তু এখন তারা দেশের বাহিনীকে দিয়েও তদন্ত করতে দেয় না। মানবাধিকার কমিশনও দুর্বল করেছে সরকার।’
তিনি অবিলম্বে গুমের ঘটনাগুলোর সঠিক তদন্ত নিশ্চিত করা, জাতীয় মানবাধিকার কমিশনকে কার্যকরভাবে কাজ করার সুযোগ দেওয়া এবং সাইবার আইন সঠিকভাবে প্রণয়নের আহ্বান জানান।
এনসিপির আহ্বায়ক বলেন, ‘সরকার জাতীয় সংসদকে কলুষিত করছে—এমন আইন সংসদে পাস করছে। যে গণতান্ত্রিক মৌলিক অধিকারের জন্য আন্দোলন করেছিলাম, তা এখনো প্রতিষ্ঠিত হয়নি। সরকার মিরাজ শেখের গুমের কথা স্বীকার করে না। মানুষের মুখ থামিয়ে দেওয়া হচ্ছে। দমন-পীড়ন শুরু হয়েছে।’
বিরোধীদলীয় চিফ হুইপ আরও বলেন, ‘২০০১-২০০৬ সালের সময়কার দুর্নীতির বিষয় নিয়ে দুদককে ব্যবহার করুন। বর্তমান সরকার দুদককে ধ্বংস করে বিরোধী দলের পেছনে ব্যবহার করছে।’
তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয় দাবি করে নাহিদ ইসলাম বলেন, ‘নতুন স্বৈরাচার তৈরি হচ্ছে। তবে দেশের জনগণ তা হতে দেবে না। আন্দোলন করে নামিয়ে দেবে।’