লালমোহন (ভোলা) প্রতিনিধি
ভোলার লালমোহন উপজেলায় ৪ কেজি গাঁজাসহ স্বামী এবং স্ত্রীকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার কালমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের ডাওরি বাজার ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাঁদবা এলাকার মো. ফারুক হোসেন (৩২) এবং তার স্ত্রী মোসা. সিমা বেগম (১৯)। জানা গেছে, শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন থানার এসআই খন্দকার মো. কামরুল ইসলাম ও এসআই আসাদুজ্জামান খান সঙ্গীয় ফোর্স উপজেলার কালমা ইউনিয়নের ডাওরি বাজার ব্রিজ সংলগ্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় ভোলা থেকে ছেড়ে আসা চরফ্যাশনগামী একটি সিএনজি চালিত অটোরিকশায় তল্লাশী চালান তারা।
তল্লাশীকালে ওই সিএনজি চালিত অটোরিকশা থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একইসঙ্গে আটক করা হয় ওই গাঁজার মালিক মো. ফারুক হোসেন ও মোসা. সিমা বেগম নামে দুইজনকে। এসব গাঁজা তারা কুমিল্লা থেকে নিয়ে এসেছেন।
বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম মজুমদার বলেন, আটককৃত দুইজন সম্পর্কে স্বামী-স্ত্রী। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।