নিজস্ব প্রতিবেদক
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, স্বাধীন নাগরিক হিসেবে বাংলাদেশের কেউ সংখ্যালঘু নয়। সবারই নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা রয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে জন্মাষ্টমীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মানুষের ধর্মীয় পরিচয় থাকতে পারে, কিন্তু রাষ্ট্রের কাছে সেটি মুখ্য নয়। স্বাধীন নাগরিক হিসেবে কেউ নিজেকে সংখ্যালঘু হিসেবে পরিচয় দেবেন না।
তিনি বলেন, এই বিষয়টি শুধু বইয়ের পাতায় নয়, বাস্তব জীবনেও দেখতে চান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের মধ্যে সম্প্রীতি থাকবে। এটিই হবে আমাদের একমাত্র পরিচয়। এজন্যই আমরা বলি, আমাদের নেতা বলেছেন—সবার আগে বাংলাদেশ। যদি সবার আগে বাংলাদেশ হয়, তাহলে আমরা সবার আগে বাংলাদেশি। এরপর আমাদের ধর্মীয় পরিচয়, সাংস্কৃতিক পরিচয় ও নৃতাত্ত্বিক পরিচয়।’
অনুষ্ঠানে সবাইকে সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটব্যাংকের ধারণা ভেঙে দিয়েছেন।
মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী গোপাল চন্দ্র দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃগোষ্ঠী বিষয়ক বিশেষ সহকারী শ্রী বিজন কান্তি সরকার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালামসহ অনেকে।